সরিষাবাড়ীতে যুবলীগ ও ছাত্রদল সংঘর্ষ, পাঁচজন গুলিবিদ্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার দুপুরে যুবলীগ-ছাত্রলীগ ও যুবদল-ছাত্রদলের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনায় যুবদল ও ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মী গুলিবিদ্ধসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। ইউনিয়ন বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আওনা ইউনিয়নের পঞ্চাশী জামতলা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের আয়োজন করা হয়। খিচুড়ি রান্না করার সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলের বহর নিয়ে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর প্রথমে হামলা করে। পরে পাইপগানের গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সুইট মিয়া (২৬), যুবদলের সদস্য রেজাউল করিম (৩০), রুবেল মিয়া (৩০), সুজন মিয়া (১৮), শামীম মিয়াকে (১৮) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে গুলিবিদ্ধ এই পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া বলেন, ‘যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে ও গুলি করে আমাদের পাঁচ নেতা-কর্মীকে গুলিবিদ্ধ করে।’ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম জানান, কাঙালিভোজের অনুষ্ঠানে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহাম্মেদ জানান, এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ দায়ী। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছাইফুর রহমান জানান, যুবলীগের কোনো নেতা-কর্মী হামলা করেননি। উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম সোহেল রানা জানান, এ ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়।