সরিষাবাড়ীতে যৌতুক না দেওয়ায় প্রাণ গেল গৃহবধূর!
জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুকের দাবি পূরণ না করায় স্বামী, শ্বশুর ও শাশুড়ি শ্বাসরোধে গৃহবধূ আরজিনা বেগমকে (২২) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।খবর পেয়ে পুলিশ গত বুধবার রাতে পাষণ্ড স্বামী শাহা আলীর (২৪) বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা আরজিনা বেগমের লাশ মাটি খুঁড়ে উদ্ধার করে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরজামিরা গ্রামের দিনমজুর আবদুল মণ্ডলের মেয়ে আরজিনা বেগমের সঙ্গে পাশের চররৌহা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শাহা আলীর বিয়ে হয়। বিয়ের সময় দিনমজুর বাবা আবদুল মণ্ডল ১৫ শতক জমি বিক্রি করে শাহা আলীকে ৫০ হাজার টাকা যৌতুক দেন। এই টাকা শেষ হওয়ার পর থেকে স্বামী শাহা আলী, শ্বশুর গোলাপ হোসেন ও শাশুড়ি শাহানা গৃহবধূ আরজিনাকে আরও ২০ হাজার টাকা যৌতুক আনার জন্য নির্যাতন করেন। পরে যৌতুকের দাবি পূরণ না করায় গত রোববার রাতে পাষণ্ড স্বামী, শ্বশুর-শাশুড়ি ও পরিবারের লোকজন গৃহবধূ আরজিনাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখে।গতকাল সকালে লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো করে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান বলেন, নয় মাসের গর্ভবতী গৃহবধূ আরজিনাকে পাষণ্ড স্বামী শাহা আলী ও তাঁর পরিবার-পরিজন যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যা করেছে। তিনি আরও জানান, থানায় মামলা হয়েছে।