সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে ওই গৃহবধূর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্র ও নিহতের স্বজনেরা জানান, সরিষাবাড়ীর করগ্রামের হারুন-অর রশিদের (৩৫) সঙ্গে প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয় জামালপুর সদরের রঘুনাথপুর দিঘুলী গ্রামের মাহমুদা আক্তারের। বিয়ের পর থেকেই হারুন যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন শুরু করেন। বিয়ের সময় এক লাখ ১০ হাজার টাকা যৌতুক নেওয়ার পরও মাস ছয়েক পর বিদেশ যাওয়ার কথা বলে শ্বশুর খলিলুর রহমানের কাছ থেকে এক লাখ টাকা ঋণ নেন হারুন। বিদেশ থেকে ফিরলে স্ত্রী মাহমুদা তাঁর বাবার টাকা পরিশোধ করতে বললে স্বামী হারুন তা দিতে গড়িমসি করতে থাকেন। গতকাল বুধবার এ বিষয়টি নিয়ে ঝগড়ার একপর্যায়ে হারুন তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন।মাহমুদার বাবা খলিলুর রহমান জানান, তিনি এ ব্যাপারে মামলা করবেন। সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, মাহমুদার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।