সরিষাবাড়ীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার পুলিশের সঙ্গে পাটকলশ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেল ও পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে পুলিশের সাত সদস্যসহ ৪০ জন আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে বিকেল চারটা থেকে সরিষাবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। সন্ধ্যা সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ বিক্ষোভ মিছিল বের করেন সরিষাবাড়ীর আলহাজ পাটকলের শ্রমিকেরা। পুলিশ এতে বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি রাবারের গুলি ছোড়ে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহত লোকজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর প্রতিবাদে বিকেল চারটা থেকে সরিষাবাড়ী-ঢাকা মহাসড়ক বন্ধ করে রেখেছেন শ্রমিকেরা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
প্রথম আলোকে সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন।
সরিষাবাড়ীর আলহাজ পাটকলের উপমহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, পাটকলে শ্রমিক-অসন্তোষ দেখা দেওয়ায় বিকেল চারটা থেকে উত্পাদন বন্ধ রয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।
আলহাজ পাটকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনির্দিষ্ট কালের ধর্মঘট ডাকা হয়েছে। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।