জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার স্থানীয় সাংসদের ফুফাতো ভাই নূর-ই-আলমকে পৌর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাসায় জরুরি সভা ডেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জানান, সাংসদের ভাইকে পৌর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের উপজেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার রাতে দলীয় কার্যালয়ে সভা ডাকা হয়। সভায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়াও বেশ কয়েকজন নেতার ছবি দেওয়া হয়। অন্য নেতাদের ছবি দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ও সহসভাপতি গিয়াস উদ্দিন পাঠান প্রতিবাদ করেন। এ নিয়ে স্থানীয় সাংসদ মুরাদ হাসানের ফুফাতো ভাই পৌর আওয়ামী লীগের সদস্য নূর-ই-আলমের সঙ্গে ছানোয়ার ও গিয়াস উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূর-ই-আলম তাঁদের ওপর চড়াও হন এবং দুর্ব্যবহার করেন। তিনি তাঁদের দলীয় কার্যালয় থেকে বের করে দেন। ওই ঘটনায় গতকাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেকের বাসায় তাঁর সভাপতিত্বে জরুরি বৈঠক হয়। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বৈঠকে নূর-ই-আলমকে পৌর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।