সরিষাবাড়ীতে সূবর্ণখালী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সূবর্ণখালী নদীর পাড়ের অবৈধ দখলদারদের মাটি ভরাট ও স্থাপনা উচ্ছেদ অভিযানের কাজ গতকাল বুধবার শুরু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার শিমলাবাজারের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত সূবর্ণখালী নদীর দুই পাড় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে নদী ভরাট, আবাসিক এলাকা ও স্থাপনা গড়ে উঠছিল। এই নদীর দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পয়োনালার মুখগুলো বন্ধ হয়ে গেছে। এ কারণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নির্দেশে গতকাল অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়। অবৈধ দখলদারেরা তিন দিনের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে বলা হয়।পরে অবৈধ দখলদারেরা তাদের স্থাপনা সরিয়ে নিতে শুরু করে। অবৈধ দখলদার সৈয়দ আলী জানান, জনসাধারণের স্বার্থে তাঁরা স্থাপনা সরিয়ে নিচ্ছেন।পৌরসভার কাউন্সিলর কালাচান পাল বলেন, ‘পরিবেশ বিপর্যয়ের জন্য মানববন্ধন করেছি। আন্দোলন ফলপ্রসূ হয়েছে।’