জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ‘ভুতুড়ে’ বিলে বিদ্যুৎচ্চালিত সেচপাম্পের কৃষকেরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও কৃষকদের সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌর শহরে এ বছর ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে প্রায় ৪ হাজার ১০০টি বিদ্যুৎচ্চালিত পাম্প দিয়ে এসব জমিতে সেচ দেওয়া হয়। এর মধ্যে পিডিবির অধীনে প্রায় ১ হাজার ৫০০টি পাম্প রয়েছে। বৈদ্যুতিক মিটার না দেখে সেচপাম্পের মালিকদের ওপর পিডিবির কর্মীরা অতিরিক্ত বিল চাপিয়ে দিচ্ছেন। এতে পিডিবির প্রায় এক হাজার গ্রাহক এ হয়রানির শিকার হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারির আগ পর্যন্ত প্রতিটি সেচপাম্পের মালিকের প্রতি মাসে দেড় থেকে ২ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। কিন্তু মার্চে তাঁদের প্রত্যেকের নামে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা বিল করা হয়।
শিশুয়া গ্রামের সেচপাম্পের মালিক সুলতান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি বিদ্যুৎ বিল পরিশোধের পরও আমার নামে মার্চের ১১ হাজার ২২৬ টাকার বিল করা হয়েছে।’
ছাতারিয়া গ্রামের আলী আকবর বলেন, ‘আমার নামে এক মাসে প্রায় ১০ হাজার টাকার বিল পাঠানো হয়েছে।’
চুরিয়াপটল গ্রামের সেচপাম্প মালিক কৃষক আফজাল হোসেন বলেন, ‘মার্চের বিদ্যুৎ বিল দেড় হাজার থেকে বড় জোর ২ হাজার টাকা আসার কথা। কিন্তু আমার বিল এসেছে ১২ হাজার ৪১৬ টাকা।’
এই ‘ভুতুরে’ বিল বাতিলের দাবিতে গত ২৬ এপ্রিল বেলা ১১টায় গ্রাহকেরা উপজেলা সদরে পিডিবির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বক্তব্য দেন শিশুয়া গ্রামের সাবান আলী, চর সরিষাবাড়ী গ্রামের জুরন আলী প্রমুখ। পরে তাঁরা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি কর্মকর্তা, পৌর মেয়র, আবাসিক বিদ্যুৎ সরবরাহ প্রকৌশলীর কাছে স্মারকলিপি পেশ করেন।
এ বিষয়ে সাতপোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল হাকিম বলেন, ‘আমার গ্রামের শতাধিক সেচপাম্পের মালিকের ওপর ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হয়েছে। এ বিল শিগগির বাতিল করতে হবে।’
পিডিবির স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রকৌশলী জামাত আলী আকন্দ বলেন, গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ইউএনও ফ্লোরা বিলকিস জাহান বলেন, ‘জেলা প্রশাসক ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়টি তদন্ত করার জন্য আমাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। তদন্তের পরই ভুতুড়ে বিল আসার কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ’