সরিষাবাড়ীতে হাতির তাণ্ডবে আরও ১০ ঘর লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাবর্ষা গ্রামের জমিলার বসতঘরে গতকাল বন্য হাতিটি তাণ্ডব চালায়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ধারাবর্ষা গ্রামের জমিলার বসতঘরে গতকাল বন্য হাতিটি তাণ্ডব চালায়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ভারতের আসাম থেকে আসা সেই বন্য হাতিটি গতকাল শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে তাণ্ডব চালিয়ে দোকানসহ ১০টি বসতঘর ভেঙে তছনছ করেছে। এ সময় হাতিটির আক্রমণে দুজন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতিটি গত বৃহস্পতিবার উপজেলার কামরাবাদ ইউনিয়নে ঢোকে। গতকাল সকাল সাড়ে ১০টায় এটি ঝিনাই নদ পাড়ি দিয়ে ধারাবর্ষা গ্রামে লোকালয়ে এসে তাণ্ডব চালায়। এ সময় উমেদ আলী (৪৫) ও সাদ্দাম হোসেন (২০) বন্য হাতির আক্রমণে আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেলা ১১টায় হাতিটি কান্দারপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় হাতিটি তাঁর একটি ও সোজ মিয়ার একটি বসতঘর তছনছ করেছে। দুপুরে হাতিটি বড়বাড়িয়া গ্রামের সাগর মিয়ার বাড়ির দুটি বসতঘর তছনছ করে।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় বন্য হাতিটি লোকালয়ে ঢোকে।
এরপর ইউনিয়নের কান্দারপাড়া, ধারাবর্ষা ও বড়বাড়িয়া গ্রামের চারটি বাড়িতে তাণ্ডব চালিয়ে একটি দোকান ও নয়টি বসতঘর ভেঙে তছনছ করেছে।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়ের নেতৃত্বে ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন চিকিৎসকসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল তদারকির জন্য গতকাল ইউনিয়নের শুয়াকৈর গ্রামে অবস্থানরত হাতিটির কাছে পৌঁছেছে।
ভারতের আসাম থেকে গত ২৮ জুন বন্যার পানিতে ভেসে আসা বন্য হাতিটি কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলা হয়ে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুয়াকৈর গ্রামে অবস্থান করছিল।
কামরাবাদ ইউপির চেয়ারম্যান মুনছুর আলী খান বলেন, ‘দুই দিন ধরে বন্য হাতিটি আমার ইউনিয়নে অবস্থান করছে। গত দুই দিনে হাতিটি তাণ্ডব চালিয়ে কান্দারপাড়া, ধারাবর্ষা, বড়বাড়িয়া ও শুয়াকৈর গ্রামের ২০টি ঘর ভাঙচুর করেছে। ১০টি গ্রামের মানুষ হাতির আক্রমণের আতঙ্কে রয়েছে।’
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, বন্য হাতিটি তদারকিতে ময়মনসিংহ বন বিভাগীয় ও ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি প্রতিনিধিদল শুয়াকৈর গ্রামে পৌঁছেছে।
সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন বলেন, দুই দিন ধরে বন্য হাতিটিকে পুলিশ নজরে রেখেছে।