সরিষাবাড়ীতে হাসপাতালে ভাঙচুর
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনেরা গতকাল সোমবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ সময় তারা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায় এবং রোগীর নিবন্ধন বই নিয়ে যায়। এ ঘটনায় পর থেকে স্বাস্থ্যকেন্দ্রে আট ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল ভোরে পৌরসভার আরামনগর বাজারের নিজ বাসায় মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের (৬৫) হার্ট অ্যাটাক হয়। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা নজরুলকে মৃত ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের লোকজন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম, উপসহকারী কমিউনিটি চিকিৎসক ও উপজেলা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ সময় জরুরি বিভাগে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। পরে তারা জরুরি বিভাগের রোগী নিবন্ধন বই নিয়ে চলে যায়। ফলে ভোর ছয়টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগসহ সব বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। নজরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৮) অভিযোগ করে বলেন, ‘চিকিৎসকের অবহেলায় আমার বাবার মৃত্যু হয়েছে।’
আহত চিকিৎসক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসা দিতে আমাদের কোনো অবহেলা ছিল না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার আসাদুজ্জামান জানান, চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছিল। ঈদুল আজহার পর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর বেলা দুইটার দিকে চিকিৎসকেরা কাজে ফেরেন। সিভিল সার্জন হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।