সরিষাবাড়ীতে ৫০ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার আলহাজ পাটকলের ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিয়েছেন। অভিযোগ উঠেছে, ক্যানটিনের খাবার ও পানি খাওয়ার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, শ্রমিকদের সবাইকে স্যালাইন দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন শ্রমিক এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, পাটকলের ভেতর ক্যানটিনে রুটি, বিস্কুট ও পানি খাওয়ার পর থেকে তাঁদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।

পাটকলের উপব্যবস্থাপক আব্দুস সামাদ জানান, সকাল আটটা থেকে শুরু হওয়া এই শিফটে (কাজের পালা) শতাধিক শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে অনেকেই ক্যানটিনের খাবার ও পানি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকেরা হলেন জোসনী খাতুন, আঙ্গুরী বেগম, হালিমা খাতুন, তারা ভানু, নুবেল মিয়া, হাকিম উদ্দিন, ওয়াদুদ মিয়া, আলা উদ্দিন, মনহর মিয়া, তারা ফকির, রোকেয়া বেগম, জাহানারা বেগম, জুয়েল মিয়া, শামীম মিয়া, হবিবর রহমান, হীরা মিয়া, জাহানারা বেগম, জেসমিন বেগম, নান্নু মিয়া, সাকিল মিয়া, সাইফুল ইসলাম, ইউনুস আলী, আলমাছ, মোজাম্মেল হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ, আলহাজ, হাফিজুর রহমান, মকবুল হোসেন, সন্ধ্যা বেগম, আব্দুর রশিদ, ফজুলল হক, সামিউল, আমিনুল ইসলাম, মমতা বেগম ও আব্দুল হক মন্ডল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন জানান, রোগীদের অবস্থা দেখে মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে এমটা হয়েছে।