সরিষাবাড়ীতে ৭৬ বস্তা চাল উদ্ধার, থানায় মামলা
জামালপুরের সরিষাবাড়ীতে আজ সোমবার রাতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড সাইয়েদ মোরশেদ আলীর নেতৃত্বে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবদুল বাতেন বাদী হয়ে অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে থানায় মামলা করেন। মো. আবদুল বাতেন বলেন, উদ্ধার করা চাল খাদ্যগুদামে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড সাইয়েদ মোরশেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।