সরিষাবাড়ীতে 'মেয়র সেরা কণ্ঠ-২০১৭'
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সংগীতশিল্পী খুঁজে বের করতে ‘মেয়র সেরা কণ্ঠ-২০১৭’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা হয়েছে।
কমিটি সূত্র জানায়, সরিষাবাড়ী পৌর শহরসহ উপজেলার আটটি ইউনিয়ন থেকে শিল্পী খুঁজে বের করার জন্য মেয়রের ব্যক্তিগত উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী ১৮ মার্চ থেকে এর অডিশন নেওয়া শুরু হবে। উপজেলার অধিবাসী ১৮ বছরের কম বয়সীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক শাহিদা পারভীনের সভাপতিত্বে মঙ্গলবার রাতে মতবিনিময় সভা হয়।
সভায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম জোহরা লতিফ, তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, সাবেক সাংসদ মুরাদ হাসান, পৌর মেয়র রুকুন্নুজ্জামান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান প্রমুখ।
মেয়র মো. রুকনুজ্জামান বলেন, পৌর সদরসহ উপজেলার আটটি ইউনিয়নের নয়টি ভেন্যুতে মাসব্যাপী প্রতিযোগীদের অডিশন নেওয়া হবে। চূড়ান্ত পর্বে ঢাকা থেকে বিচারক নিয়ে এসে ফল ঘোষণা করা হবে।