সরিষার খেতের বুক চিরে চালানো হলো পাওয়ার টিলার
কুষ্টিয়ার দৌলতপুরে বিল দখলকে কেন্দ্র করে কৃষকদের সরিষার খেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালীরা তাঁদের দখল পাকাপোক্ত করতে ১০০ বিঘা সরিষা খেতের মাঝ দিয়ে পাওয়া টিলার চালিয়ে দিয়েছেন বলে কৃষকেরা অভিযোগ করেছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০২ সালে উপজেলার পাককোলা তালবাড়িয়া বিলটি স্থানীয় মৎস্যজীবীরা তালবাড়িয়া মৎস্য সমিতির নামে ১০ বছরের মেয়াদে ইজারা নিয়ে মাছ চাষ করছেন। ২০০৮ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় তালবাড়িয়া বিলের ইজারা থাকা অবস্থায় প্রভাবশালী মাহফুজুল হকসহ কয়েকজন বিলটি দখলে নেন। এখন তাঁরা বিলের পার্শ্ববর্তী জমিগুলোও দখলের চেষ্টা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে গত বুধবার বিলের পাশের জমিতে মাহফুজুল হকসহ কয়েকজন তিনটি পাওয়ার টিলার দিয়ে ক্ষতিসাধন করেন।অভিযুক্ত মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, ‘গত বছর বিলটি ইজারা নিয়েছি। কৃষকদের নিষেধ করার পরও বিলের জমিতে ফসল আবাদ করেছে। বিলের সীমানার মধ্যে ফসলের আবাদ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এ ব্যবস্থা নিয়েছি।’ইউএনও আবু হেনা মুস্তাফা কামাল বলেন, ‘বিলের জমি নিয়ে বিরোধের বিষয়টি শুনেছি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিলের সীমানা নির্ধারণ করে বিরোধ মীমাংসা করা হবে।’ কৃষকদের ফসল নষ্টের নির্দেশ দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।