সরিয়ে নেওয়া হচ্ছে কাওড়াকান্দি ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রী দুর্ভোগ কমানোর লক্ষ্যে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের কাওড়াকান্দি ঘাটটি সরিয়ে নেওয়া হচ্ছে। মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী থেকে পাশের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পর্যন্ত ২৪ একর জায়গায় নতুন ঘাট নির্মিত হচ্ছে।
আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহেই নতুন ঘাটটি চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সে ক্ষেত্রে এ পথটি শিমুলিয়া-কাঁঠালবাড়ী নামে পরিচিত হবে। নতুন ঘাটে যাতায়াতের জন্য পদ্মা সেতুর সংযোগ (অ্যাপ্রোচ) সড়কটি ব্যবহার করা হবে। এ সড়কের শিবচরের পাচ্চর থেকে জাজিরার নাওডোবা পর্যন্ত সাড়ে নয় কিলোমিটার যানবাহন চলাচলের জন্য ডিসেম্বরেই উন্মুক্ত করে দেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদ্মা সেতুর সংযোগ সড়কটি যানবাহন চলাচলের উপযোগী হওয়ায় ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে। ঘাট চালু করার জন্য প্রয়োজনীয় সব কাজ চলছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে নতুন ঘাট চালু করা হবে। ঘাটটি চালু হলে মানুষ ঘাটের দুঃসহ যানজটের কবল থেকে মুক্তি পাবে, পারাপারে সময় কম লাগবে। যানজট মুক্ত রাখতে একমুখী যাতায়াতের জন্য ঘাট থেকে দুটি বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতের জন্য যাত্রীরা শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাট ব্যবহার করে। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে শিবচরের কাওড়াকান্দির দূরত্ব সাড়ে ১৩ কিলোমিটার। নতুন ঘাটটি নির্মিত হলে এ পথে ৩০ মিনিট সময় কম লাগবে। বিআইডব্লিউটিএ নতুন ঘাট স্থাপনের কাজ গত জুলাই থেকে শুরু করেছে। কাঁঠালবাড়ী ও নাওডোবায় ২৪ একর জায়গায় ১৫ কোটি টাকা ব্যয়ে দুটি যাত্রীছাউনি, তিনটি পার্কিং ইয়ার্ড, চারটি ফেরিঘাট, তিনটি লঞ্চঘাট, একটি স্পিডবোট ঘাট ও পুলিশ ব্যারাক নির্মাণের কাজ চলছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতুর ১২ কিলোমিটার সংযোগ সড়কের মধ্যে জাজিরা অংশে সাড়ে ১০ কিলোমিটার রয়েছে। এ সড়ক নির্মাণে ১ হাজার ৯৮ কোটি টাকা ব্যয় হচ্ছে। আবদুল মোনেম ও মালয়েশীয় কোম্পানি এইচসিএম সড়কটি নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালে এটির নির্মাণকাজ শুরু হয়। সড়কটির পাচ্চর থেকে নাওডোবার আন্ডারপাস পর্যন্ত সাড়ে নয় কিলোমিটার অংশের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। ২০ ডিসেম্বরের মধ্যে বাকি ১০ শতাংশ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সেতু বিভাগ সূত্র আরও জানায়, পাচ্চর থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক শুরু। নতুন ঘাটে যেতে এ সড়ক দিয়ে কুতুবপুরে যেতে হবে। সেখান থেকে নতুন ঘাট পর্যন্ত পাঁচ মিটার চওড়া করে তিন কিলোমিটার একটি নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে। কাঁঠালবাড়ীর নতুন ঘাট থেকে নাওডোবার পদ্মা সেতুর সংযোগ সড়কের আন্ডারপাস পর্যন্ত আরও তিন কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। ছয় কিলোমিটারের এ দুটি বাইপাস সড়ক নির্মাণের জন্য সেতু বিভাগ ৪০ কোটি টাকা ব্যয় করছে। এর একটি দিয়ে যানবাহন পদ্মা সেতুর সংযোগ সড়ক থেকে নতুন ঘাটে আসবে, আরেকটি দিয়ে যানবাহন নতুন ঘাট থেকে সংযোগ সড়কে যাবে।
সেতু বিভাগের পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী পার্থ সারথি বিশ্বাস প্রথম আলোকে বলেন, যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য কাওড়াকান্দি ঘাটটি সাড়ে পাঁচ কিলোমিটার সরিয়ে আনা হচ্ছে। পদ্মা সেতুর সংযোগ সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করবে। এ জন্য আরও ছয় কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণকাজ চলছে।