সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর, তিন ঘণ্টায় ১০টি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোনাগাছা গ্রামে একদিকে চলছে ভাঙন। অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি। ছবি গতকাল তোলা l প্রথম আলো
ছোনাগাছা গ্রামে একদিকে চলছে ভাঙন। অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি। ছবি গতকাল তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের উত্তরের একটি গ্রাম পাঁচ ঠাকুরী। এই গ্রামের শাহজাহানপুর মোড়ের একুশে বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাড় ঘেঁষে বসতি গড়ে তুলেছিল প্রায় ৪০টি ভূমিহীন পরিবার। পাশের সিমলা মৌজায় একসময় এই পরিবারগুলোর নিজস্ব জমিজমা ও বসতভিটা ছিল। গত কয়েক বছরের নদীভাঙনে সর্বস্বান্ত হয়ে এই বাঁধ ঘেঁষে ঠাঁই নিয়েছে পরিবারগুলো। কিন্তু যমুনা তাদের এই শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ ভাঙন শুরু হয়। দুপুর না গড়াতেই তীব্র ভাঙনে নদীতে বিলীন হয় ১০ বাড়ি।
গতকাল সরেজমিনে ওই এলাকায় দেখা গেছে, নারী-পুরুষ-শিশু-কিশোর মিলে ছোটাছুটি করছে। ঘরের শেষ সম্বল কাঁথা, বালিশ, থালাবাসন, হাঁস-মুরগি নিয়ে বাঁধের যে অংশ টিকে আছে, সেখানে নিয়ে রাখছে। সমর্থ পুরুষেরা টিনের ঘর ভেঙে সরানোর কাজে ব্যস্ত।
কথা হয় স্থানীয় জিল্লার রহমান, আবদুল হামিদ ও আবদুর রাজ্জাকের সঙ্গে। তাঁরা বলেন, বন্যার কারণে মাঠে কাজ ছিল না। সকালের খাবার খেয়ে শাহজাহানপুর মোড়ের একটি দোকানে বসে এলাকাবাসী বন্যা নিয়েই আলোচনা করছিল। এ সময় হঠাৎ তাঁদের বসতির দিক থেকে চিৎকার-চেচাঁমেচির আওয়াজ ভেসে আসে। ছুটে গিয়ে দেখেন, দুটি পরিবারের তিনটি ঘর নদীতে ধসে পড়েছে।
তাঁরা বলেন, গতকাল হঠাৎ করে নদীতে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় ধস ও ভাঙন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরগুলো নদীতে বিলীন হয়ে যায়। যে প্রথমে তিনটি ঘর গেছে, সেগুলোর কিছুই সরানো যায়নি। পরে বাকি ঘরগুলো থেকে জিনিসপত্র সরাতে নেমে পড়ে লোকজন।
আবদুল হামিদ ও আবদুর রাজ্জাক বলেন, কয়েকটি ঘর বিলীন হওয়ার পর স্থানীয় ব্যক্তিরা মিলে নুর ইসলাম, আবদুল হান্নান ও আবদুল মান্নানের বাড়ি সরাতে লেগে যান। তারপরও তাঁরা ঘরের চালগুলো শুধু খুলে নেওয়ার সময় পান। ঘরগুলোর বেড়া, খুঁটি—সব নদীতে চলে গেছে।
ভাঙনের শিকার ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, গত ঈদের আগে অনেক কষ্টে প্রায় অর্ধ লাখ টাকা খরচ করে নতুন একটি চার চালা টিনের ঘর দিয়েছিলেন। মাস না যেতেই ঘরটি সরাতে হলো। নিজের জমি নেই। ঘরটি কোথায় রাখবেন, সে চিন্তায় ব্যাকুল হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী বলেন, এখানে স্থায়ীভাবে তীর সংরক্ষণ বাঁধের কাজ করা হয়। ঠিকমতো মেরামত না করায় ধস দেখা দেয় বাঁধে। এরপর ঠিকমতো বালুর বস্তা না ফেলায় নতুন করে ভাঙন শুরু হয়। এটা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতি বলে অভিযোগ করেন তিনি।
হঠাৎ এই ঘূর্ণাবর্ত ও তীব্র নদীভাঙনের বিষয়ে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, যমুনা নদীর গতিপ্রকৃতি সম্পর্কে আগে থেকে কিছু অনুমান করা যায় না। বর্তমানে এই স্থানে বালুর বস্তা নিক্ষেপ করা হচ্ছে। ভাঙনরোধে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে।