সরিয়ে নেওয়া হলো ভাঙনকবলিত বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনের কারণে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরের আলোর পাঠশালা সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার সদস্য, পাঠশালার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে ভাঙনকবলিত স্কুলটি পাশের তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরিয়ে নিয়েছেন। সেখানেই ছুটি শেষে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাস চলবে।
২০১১ সালে চরখিদিরপুরে এই স্কুলের যাত্রা শুরু হয়। ২০১২ সালে রাজশাহীর তৎকালীন জেলা প্রশাসক আবদুল হান্নান আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টির মেঝে পাকা করে টিনের বেড়া ও টিনের চালার একটি ভবন তৈরি করা হয়। বর্তমানে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও একজন কর্মচারীর বেতন দেওয়া হয়।
পদ্মা নদীর ভাঙন তীব্রতর হওয়ায় গত কয়েক দিনে পদ্মা নদী একেবারে বিদ্যালয় ছুঁয়ে ফেলে। গতকাল মঙ্গলবার সকালে বাধ্য হয়ে বিদ্যালয়টি পাশের তারানগর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়।
যোগাযোগ করা হলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন বলেন, তারানগর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি বিদ্যালয় ভবন তৈরি করা হচ্ছে। আপাতত আলোর পাঠশালার শিক্ষার্থীরা পুরোনো ভবনে ক্লাস করতে পারবে।