রংপুরের বদরগঞ্জের মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দখল করে রাখা শ্রেণিকক্ষ থেকে সাংসদের নামফলক ও সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নামফলক ও সাইনবোর্ড পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় নাম দিয়ে ওই বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ দখল করে সেখানে দলীয় কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা বানু উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় চালুর নামে বিদ্যালয়ের সভাপতি কৈলাশ চন্দ্র রায় শ্রেণিকক্ষ দখল করে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। এতে শ্রেণির পাঠদান ব্যাহত হচ্ছে। এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘বদরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়: তিনটি শ্রেণিকক্ষ দখল করে দলীয় কার্যক্রম’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ১৯ ফেব্রুয়ারি বদরগঞ্জের মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি শ্রেণিকক্ষ দখল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। সাইনবোর্ডে ও উদ্বোধনী নামফলকে প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে সাংসদের নাম লেখা ছিল। ওই অনুষ্ঠানের ছবি সাংসদ তাঁর ফেসবুকে পোস্ট করেছিলেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই ছবি সাংসদের ফেসবুকে ছিল। সাইনবোর্ড ও নামফলক সরিয়ে ফেলা হলেও গতকাল বিকেল একটি শ্রেণিকক্ষের ভেতরে তালাবদ্ধ অবস্থায় চেয়ার, টেবিল ও টেলিভিশন ছিল।