সরিয়ে ফেলা হলো সেই নামফলক

অবশেষে সোনালী ব্যাংকের টাঙ্গাইল প্রধান শাখা থেকে ‘ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ লেখা নামফলকটি সরিয়ে ফেলা হয়েছে। স্বাধীনতার ৪৬ বছর পরও এটি লাগানো ছিল সেখানে।
এ বিষয়ে গতকাল বুধবার ‘নামফলকে এখনো ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে নামফলকটি সরিয়ে ফেলে।

সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশাররফ হোসেন জানান, এই নামফলক অপসারণের মধ্য দিয়ে তাঁরা দায়মুক্ত হলেন।

নামফলকে থাকা তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালের ১৮ মে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের টাঙ্গাইল শাখাটি উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের অর্থমন্ত্রী ডক্টর মির্জ্জা নূরুল হুদা।
সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এক অধ্যাদেশ জারি করে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান, প্রিমিয়ার ব্যাংক এবং ব্যাংক অব বাহাওয়ালপুরকে অধিগ্রহণ করে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠিত হয়। এরপর ‘ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ বিলুপ্ত হয়ে যায়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ ৪৬ বছর পরও টাঙ্গাইল শাখায় নামফলকটি ছিল।