সরু রাস্তা চওড়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রাস্তাগুলো সরু। দিন দিন সরু রাস্তা আরও সরু হয়। এ নিয়ে পথ চলতি মানুষজনসহ যানবাহনের চালকের মুখে এমন কথা প্রায়ই শোনা যায়। এবার সরু রাস্তা বড় করার দৃষ্টান্ত হয়ে দেখা দিল নয়াসড়ক মোড়। এ মোড় থেকে সরু রাস্তা বড় করার বিশেষ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন।

নগরের কেন্দ্রস্থলের একটি মোড় নয়াসড়ক। স্থানীয় লোকজন বলছেন, চারদিক থেকে চারটি রাস্তার মিলনস্থল হওয়ায় নয়াসড়ক মোড় বেশ সরু দেখায়। যানজট লাগলে চারটি রাস্তা দিয়ে পথচলা দায় হয়ে পড়ে। সেই বাধা দূরের একমাত্র পথ ছিল রাস্তা বড় করা। অবশেষে সে সুযোগ তৈরি হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে নয়াসড়ক মোড়ের মিরবক্সটুলা সড়কের দুই পাশ ৫ ফুট করেসম্প্রসারণ করার কাজ শুরু করেছে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তর জানায়, সিলেটে অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে এ কাজ হচ্ছে। শুরুতে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রকল্প হিসেবে ১৩ জুলাই থেকে রাস্তা বড় করার এ কাজ শুরু করা হয়।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাস্তা বড় করতে দুই দিকে অনেক স্থাপনা ও দেয়াল ভাঙতে হবে। এগুলো পুনর্নির্মাণ ও বর্ধিত অংশে ফুটপাত তৈরি করতে প্রকল্প ব্যয় আরও দুটি দরপত্রের মাধ্যমে প্রায় দ্বিগুণ করা হয়। ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের আগের প্রকল্পের সঙ্গে আরও দুটি প্রকল্প সংযুক্তির মাধ্যমে সাড়ে ৩ কোটি টাকা ব্যয় হচ্ছে।

গতকাল থেকে মোড়ের দিক বড় করার কাজ শুরু করা হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত প্রকৌশলী বলেন, গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা হওয়ায় দ্রুত প্রকল্পকাজ সম্পন্ন করা হবে। নয়াসড়ক মোড় থেকে নগরের কেন্দ্রস্থলের চৌহাট্টা মোড় পর্যন্ত রাস্তা চওড়া করা হবে। এ জন্য
দুই শতাধিক স্থাপনার অংশবিশেষ ভাঙতে হবে। সেটা আবার সিটি করপোরেশনই মেরামত করে দেবে।

সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত শুক্রবার নয়াসড়ক মোড় বর্ধিত করার কাজ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মোড় এলাকার আশপাশে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে স্থানীয় লোকজনকে প্রকল্পকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার আহ্বান জানান।

মেয়র আরিফুল প্রথম আলোকে বলেন, একটি শহর সুন্দর ও পরিচ্ছন্নরূপে দেখার প্রথম দিকটি হচ্ছে রাস্তা। সিলেটের রাস্তাগুলো সরু—এমন কথা স্থানীয় লোকজন থেকে শুরু করে নগরবিদসহ দর্শনার্থীদের কাছেও শুনতে হয়। রাস্তা বড় হলে অনেক লাভ হয়। যেখানে সাধ্য আছে, সেখান থেকেই সরু রাস্তা বড় করার চেষ্টা অব্যাহত থাকবে।