সরু রাস্তায় ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া বাজার এলাকার অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কের এই অংশের এক কিলোমিটার খুবই সরু হওয়ায় এসব দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, ওই সড়কটি বাঁশবাড়িয়া খালের পশ্চিম দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবং পূর্ব দিকে বাঁশবাড়িয়া-ঝনঝনিয়া হয়ে কোটালীপাড়া উপজেলায় চলে গেছে। স্থানীয় ব্যবসায়ী তানভীর শোভন বলেন, সড়কটির মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া বাজার এলাকার অংশ এতই সরু যে এখানে দুটি পিকআপ একসঙ্গে চলাচল করতে পারে না। দুটি পিকআপ একসঙ্গে চললে পথচারীদের সড়কের পাশের জায়গায় নেমে যেতে হয়। ফলে সড়কের এই অংশে ঝুঁকি নিয়েই যান চলাচল করছে। স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান তালুকদার বলেন, প্রায় তিন বছর আগে বাঁশবাড়িয়া সেতুর ঢালে ট্রাকের চাপায় মান্নান শেখ নামের এক ব্যক্তি নিহত হন। দুই বছর আগে দুর্ঘটনায় ছবেরুদ্দিন ও আসাদ শেখ নামের আরও দুজন নিহত হন। এ ছাড়া এখানে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
নাজিরপুরের মালিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এম এ করিম বলেন, বাঁশবাড়িয়া খালের সেতু থেকে ঝনঝনিয়া বাজার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক খুব সরু। এ ছাড়া এই অংশের একটি বাঁক অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই সড়কে ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করে।
মালিখালী ইউপি চেয়ারম্যান সুনমণ্ডল ওরফে মিঠু বলেন, সড়কটি প্রশস্ত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করে তাগিদ দেওয়া হয়েছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক বলেন, ঝনঝনিয়া বাজার এলাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তেমন একটা মামলা হয় না। সড়কটি প্রশস্ত করলে এ ধরনের দুর্ঘটনা কমে আসবে। এলজিইডি পিরোজপুরের উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সড়কের ওই অংশ প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।