সরু সেতুতে চলাচলে কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবাবগঞ্জ উপজেলার বান্দুরায় ইছামতী নদীতে নির্মিত সেতুটি খুবই সরু। এ কারণে এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি গত রোববারের l প্রথম আলো
নবাবগঞ্জ উপজেলার বান্দুরায় ইছামতী নদীতে নির্মিত সেতুটি খুবই সরু। এ কারণে এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি গত রোববারের l প্রথম আলো

ঢাকার নবাবগঞ্জে মানুষের যাতায়াত সহজ করতে এক যুগের বেশি আগে ইছামতী নদীর বান্দুরায় সেতু নির্মাণ করা হয়। প্রতীক্ষার সেই সেতু মানুষকে আরও ভোগান্তিতে ফেলেছে। সরু সেতুতে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে মানুষকে।

স্থানীয় লোকজন বলেন, নবাবগঞ্জ উপজেলার পশ্চিম অঞ্চলের বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার কয়েক হাজার মানুষ সেতুটির ওপর নির্ভরশীল। শিক্ষা, ব্যবসা, চিকিৎসাসহ নানা গৃহস্থালি কাজে নবাবগঞ্জ থেকে মানিকগঞ্জে, আবার মানিকগঞ্জ থেকে নবাবগঞ্জে মানুষকে নিয়মিত যাওয়া-আসা করতে হয়। এ জন্য ব্যবহার করতে হয় এই বান্দুরা সেতু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মানুষের কষ্ট লাঘবের জন্য এক যুগের বেশি আগে ইছামতী নদীর ওপর সেতুটি নির্মাণ করে সরকার। ২০০৫ সালে জনসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এরপর থেকে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।

বান্দুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিল্লাল মিয়া প্রথম আলোকে বলেন, সেতুটির পশ্চিম পাশে নবাবগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন ও মানিকগঞ্জ জেলার মানুষের চলাচলের জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। নবাবগঞ্জ উপজেলায় প্রাচীন বান্দুরা হাট ও বাজার অবস্থিত। তাই বান্দুরা সেতুটির ঢালে প্রতিদিন বাজারের অধিকাংশ ট্রাকের মালামাল ওঠানো-নামানো হয়। এ ছাড়া ঢালে অটোরিকশার স্ট্যান্ডের কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। সৃষ্টি হয় যানজটের। বাণিজ্যিক কেন্দ্র বান্দুরায় আছে অনেকগুলো ব্যাংক, স্কুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের লোকজন প্রতিদিন এই রাস্তা বা সেতুটি দিয়ে চলাচল করে। কিন্তু তাদের চলার পথে বাধা হচ্ছে যানজট। তিনি আরও বলেন, সেতুটি কম চওড়া হওয়ায় একসঙ্গে দুটি যান চলাচল করতে পারছে না। শিগগিরই এই স্থানে আরেকটি নতুন সেতু নির্মাণেরও দাবি জানান তিনি।

বান্দুরা হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সবুজ বলে, ‘আমাকে প্রতিদিন বান্দুরা সেতুটি পার হয়ে স্কুলে যাতায়াত করতে হয়। কিন্তু বেশির ভাগ সময় সেতুটিতে যানজট লেগেই থাকে। যানজটের সময় হেঁটেও সেতুটি পার হওয়া যায় না। স্কুলে যেতে আমার প্রায় সময়ই দেরি হয়ে যায়।’

মানিকগঞ্জের হরিরামপুর কান্টাপাড়ার আসাদ উল্লাহ বলেন, ‘ঢাকার নয়াবাজারে আমার প্রেস আছে। আগে মানিকগঞ্জ সদর হয়ে ঢাকায় যাতায়াত করতাম। কিন্তু গাবতলীতে যানজটের কারণে এখন নবাবগঞ্জ দিয়ে যাতায়াত করি। মাঝেমধ্যে বান্দুরা সেতুটিতে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।’

গত সোমবার সরেজমিনে দেখা যায়, সেতুটি তুলনামূলকভাবে অনেক সরু। সেতুটির এপার-ওপার গাড়ির দীর্ঘ সারি। ফলে হেঁটেও মানুষ যাতায়াত করতে পারছে না।

জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ‘ইউনিয়নের কাজে প্রায় দিনই উপজেলা পরিষদে যেতে হয়। কিন্তু বান্দুরা সেতুটি হলো আমাদের পথের কাঁটা। কারণ, এই সেতুটি পার হতে আমাদের অনেক সময় লেগে যায়। কর্তৃপক্ষ শিগগিরই আরেকটি নতুন সেতু নির্মাণ না করা পর্যন্ত এ অঞ্চলের যান চলাচল স্বাভাবিক হবে না।’

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহ জাহান প্রথম আলোকে বলেন, এই সেতু প্রশস্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠিয়েছি। আশা করি, খুব শিগগির কাজ হবে।’

স্থানীয় সাংসদ সালমা ইসলাম প্রথম আলোকে বলেন, ওই সেতুটি ভেঙে নতুন করে নির্মাণের চেষ্টা চলছে।