সরু সেতুর কারণে ১০ হাজার মানুষের দুর্ভোগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দর্শার খালের ওপর অস্থায়ীভাবে স্থাপন করা সরু সেতু দিয়ে চলাচলে দুটি ইউনিয়নের ১০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নালিতাবাড়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালের মে মাসে উপজেলার দর্শার খাল খনন করার সময় কাকরকান্দি ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী বরুয়াজানি সড়কের বনপাড়া জামে মসজিদসংলগ্ন ৬০ ফুট সড়ক কেটে ফেলা হয়। সেখানে ৭০ ফুট দীর্ঘ ও ৪ ফুট প্রশস্ত একটি পুরোনো বেইলি সেতু স্থাপন করা হয়। রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী বিজগিরীপাড়া, মায়াঘাসি, পানিহাটা, তারানী, কালাকুমা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঝলঝলিয়া লক্ষ্মীকুড়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক দিয়ে নালিতাবাড়ী উপজেলা সদরে যাতায়াত করে। আট মাস ধরে সরু সেতুর কারণে কোনো সিএনজিচালিত অটোরিকশা, বড় কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এলাকাবাসীকে কাকরকান্দি ইউনিয়ন হয়ে ১০ থেকে ১২ কিলোমিটার সড়ক ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। এই সড়কে রিকশায় যাতায়াতের সময় সেতুতে ওঠার আগেই যাত্রীদের রিকশা থেকে নেমে পড়তে হয়। সরু সেতুর কারণে যাতায়াতকারীরা দুর্ঘটনার শিকার হন। সরু সেতুটির কারণে প্রতিদিন এই সড়কে চলাচলকারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী দ্রুত এই সড়কে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
বিজগিরীপাড়া গ্রামের আবু হানিফা বলেন, ‘এই সড়ক দিয়ে সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ কাকরকান্দি ইউনিয়নসহ উপজেলা সদরে যাতায়াত করে। আট মাস আগে রাস্তা কাইটা এইখানে একটা চিপা (সরু) ব্রিজ বসায়। এরপর থাইকা এই পথে যাতায়াতে মানুষের বিরাট কষ্ট। প্রতিদিন মানুষ দুর্ঘটনায় পড়ে।’
তারানী গ্রামের ট্রলিচালক আবদুল জলিল বলেন, ‘পাহাড় থাইকা কাঠ নিয়া এই সড়ক দিয়া নালিতাবাড়ীতে যাতায়াত করতাম। ব্রিজ চিপা হওয়ায় আট মাস ধইরা আমগোর হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি অইয়া ১২ থেকে ১৫ কিলোমিটার ঘুইরা উপজেলা সদরে যাওন লাগে। আমরা স্থায়ী একটা ব্রিজের দাবি জানাই।’
রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মিজানুর রহমান বলেন, ‘সাতটি গ্রামের কম কইরা হলেও ১০ হাজার মানুষ এই সরু সেতুর কারণে কষ্ট করছে। শুধু সরু সেতুর কারণে নিরুপায় হয়ে উপজেলা সদরে যাতায়াতের জন্য আনন্দবাজার দিয়ে বেতকুড়ি হয়ে ১০ থেকে ১২ কিলোমিটার পথ ঘুরতে হয়। এইখানে দ্রুত সেতু নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে।’
কাকরকান্দি ইউপির চেয়ারম্যান মো. শহিদুল্লাহ তালুকদার বলেন, ‘সেতুটা সরু হওয়ায় আমার ইউনিয়নের শতাধিক ট্রলি প্রতিদিন অন্য পথ দিয়ে যাতায়াত করে। এতে কাঁচা সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত খালের ওপর একটা সেতু নির্মাণ করা হলে সকলের জন্য সুবিধা হয়।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘সেতু সরু থাকায় মানুষের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে দেখেছি। ইতিমধ্যে ৬৫ ফুট দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত সেতু নির্মাণের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। আশা করছি, অনুমতি পেলেই দ্রুত দরপত্রের (টেন্ডার) মাধ্যমে কাজ শুরু করা হবে।’