সরু সড়ক ও যানজটই প্রধান সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ মোড়ে যানজটের এই ছবি গতকাল তুলেছেন হাসান রাজা
ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ মোড়ে যানজটের এই ছবি গতকাল তুলেছেন হাসান রাজা

সিটি করপোরেশন নির্বাচন হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৩ নম্বরের ওয়ার্ডের প্রধান সড়ক লালবাগ রোড ও নবাবগঞ্জ রোড। সড়ক দুটির প্রস্থ গড়ে ১০ ফুট। ওয়ার্ডের গলিপথগুলোও সরু, কম-বেশি ছয় ফুট। এতে ওয়ার্ডের অলিগলি ও সড়কে দিনভর লেগে থাকে যানজট।

ওয়ার্ডে দুটি শিশুপার্ক থাকলে কোনো রাইড নেই। ব্যায়ামাগার ও গ্রন্থাগারও আছে। কিন্তু তা চালু নেই। সড়কে চলে প্রচুর অবৈধ ব্যাটারিচালিত রিকশা।

গতকাল বুধবার ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ড ঘুরে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

লালবাগ রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার, কাশ্মীরি টোলা লেন, হোসেন উদ্দীন খান লেন, ডুরি আঙ্গুল লেন, নবাবগঞ্জ রোড, নবাবগঞ্জ লেন, আবদুল আজিজ লেন, ললিত মোহন দাস লেন, এমসি রায় রোড, নতুন পল্টন লাইন, পিলখানা রোড, সুবল দাস রোড নিয়ে এই ওয়ার্ড গঠিত। লক্ষাধিক জনসংখ্যার এই ওয়ার্ডে ভোটারের সংখ্যা প্রায় ৩৫ হাজার।

গতকাল বেলা সাড়ে ১১টায় ওয়ার্ডের পিলখানা সড়কে দেখা যায় তীব্র যানজট। সড়কে চলাচলকারী যানের মধ্যে বেশির ভাগই রিকশা ও ব্যাটারিচালিত রিকশা। এই যানজট নিয়ন্ত্রণে পৃথক স্থানে থাকা কমিউনিটি পুলিশের তিন সদস্যকে হিমশিম খেতে হচ্ছে। এক দিক দিয়ে যানজট কমালে আরেক দিক দিয়ে লেগে যাচ্ছে। এ ছাড়া ১০ ফুট প্রস্থের ওই সড়কে কোনো ফুটপাত নেই। পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। কয়েকটি স্থানে যানজট এত তীব্র ছিল যে পথচারীদেরও আটকা পড়তে হয়। গতকাল নবাবগঞ্জ সড়কেও প্রায় একই চিত্র দেখা যায়।

লালবাগ সড়কের বাসিন্দা আরিফ হোসেন বলেন, প্রতিদিন সকাল নয়টা থেকে রাত পর্যন্ত এই সড়কে যানজট লেগে থাকে। ফলে মহল্লার মানুষসহ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।

এলাকার লোকজন বলেন, কাশ্মীরি টোলা লেন, হোসেন উদ্দীন খান লেন, ডুরি আঙ্গুল লেন, নবাবগঞ্জ লেন, আবদুল আজিজ লেন, ললিত মোহন দাস লেন, এমসি রায় রোড, সুবল দাস রোড ও নতুন পল্টন লাইনের গলির প্রস্থ গড়ে ছয় ফুটের বেশি হবে না। এসব এলাকার গলির প্রস্থ কম হওয়ায় একসঙ্গে দুটি রিকশা চলতেও কষ্ট হয়।

এমসি রায় রোডের বাসিন্দা মো. তরিকুল বলেন, গলির প্রস্থ কম হওয়ায় মহল্লার অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারছেন না। ঠিকমতো রিকশা নিয়েও চলাচল করা যায় না। এ ছাড়া অনেকেই বাড়ি তৈরির সময় রাস্তার জন্য জায়গা ছাড়েননি।

ওয়ার্ডের নবাবগঞ্জ পার্ক ও আজিমপুর নতুন কবরস্থান-সংলগ্ন শিশুপার্কে গিয়ে দেখা যায়, সেখানে কোনো রাইড নেই। পার্কগুলোতে ক্রিকেট-ফুটবল খেলছে শিশুরা। নবাবগঞ্জ পার্কে কথা হয় মো. রায়হানের সঙ্গে। সে বলল, তারা নিয়মিত এই পার্কে খেলাধুলা করে। তবে মাঠে (পার্কে) ইট-পাথরের কণা থাকায় তাদের হোঁচট খেতে হয়। হোঁচট খেয়ে পড়ে মহল্লার অনেক শিশু-কিশোর আহতও হয়েছে।

নবাবগঞ্জ পার্কের ভেতরে দুটি ভবন দেখা যায়। এর একটিতে সরকারি দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম চলছে। অন্যটি খালি অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকজন জানান, আগে এই খালি ভবনে গ্রন্থাগার ও ব্যায়ামাগার ছিল। ধীরে ধীরে গ্রন্থাগারের বইপত্র ও ব্যায়ামাগারের সরঞ্জাম উধাও হয়ে যায়। এখন ভবনটি খালি পড়ে আছে।

গতকাল সরেজমিনে ওয়ার্ডের প্রতিটি সড়ক ও গলিতে অসংখ্য ব্যাটারিচালিত রিকশা চলতে দেখা যায়। নতুন পল্টন রোডের বাসিন্দা মোছাদ্দেক আলী বলেন, ঢাকা মহানগরে এসব ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ। তারপরও এই এলাকায় এসব রিকশা চলছে।

লালবাগ সড়কের লালবাগ টাওয়ারের উত্তর পাশে সড়কের ওপর ময়লা রাখার দুটি কনটেইনার আছে। বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে কনটেইনারে তা ফেলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। কনটেইনার দুটির চারপাশে ময়লা ছড়িয়ে আছে। দুর্গন্ধে নাক-মুখ চেপে চলাচল করছেন পথচারীরা। বিজিবি সিনেমা হলের সামনের সড়কেও একই চিত্র দেখা গেছে।

হুমায়ূন কবির
হুমায়ূন কবির

সড়ক প্রশস্ত করা হবে

২০১৫ সালের নির্বাচনে ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন হুমায়ূন কবির। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

প্রথম আলো: গত দুই বছরে আপনার ওয়ার্ডে কী কী উন্নয়নকাজ হয়েছে?

কাউন্সিলর: কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর গত দুই বছরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে মহল্লার ভাঙাচোরা সব সড়ক সংস্কার করেছি। এখন ৮০ লাখ টাকা ব্যয়ে হোসেন উদ্দিন খান প্রথম লেন, দ্বিতীয় লেন ও নবাবগঞ্জ এলাকায় আরও কিছু সড়ক সংস্কার এবং ড্রেন নির্মাণ করা হবে। শিগগিরই দরপত্র চূড়ান্ত করা হবে।

প্রথম আলো: আপনার ওয়ার্ডের প্রধান সমস্যা কী?

কাউন্সিলর: ওয়ার্ডের প্রধান সমস্যা পিলখানা সড়ক, লালবাগ রোড ও নবাবগঞ্জ মোড়ের যানজট। এই সমস্যা সমাধানে মহল্লাবাসী অনেকবার মানববন্ধন ও সমাবেশ করেছেন। কিন্তু তা সমাধান হচ্ছে না। বিষয়টি ডিএসসিসির মেয়রকে জানানো হয়েছে। এই সড়কগুলোর প্রশস্ততা বাড়াতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রথম আলো: গলি ও সড়কের প্রস্থ বাড়াতে কোনো ভূমিকা নেবেন কি না?

কাউন্সিলর: মহল্লার গলিগুলো ৪০০ থেকে ৫০০ বছরের পুরোনো। এখন বাড়ি ভেঙে সড়ক বড় করা অনেক কঠিন কাজ। তবে নতুন করে কেউ বাড়ি তৈরি করতে গেলে রাজউকের আইন মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করছি।

প্রথম আলো: শিশুপার্কগুলো সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে?

কাউন্সিলর: এই দুটি পার্ক আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে নকশা তৈরি করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পর দরপত্র আহ্বান করা হবে। এর সঙ্গে গ্রন্থাগার ও ব্যায়ামাগারের ব্যবস্থা করা হবে।

প্রথম আলো: মহল্লায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কোনো ব্যবস্থা নেবেন?

কাউন্সিলর: এসব রিকশা তাঁর ওয়ার্ডের নয়। কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকা থেকে যাত্রী নিয়ে মহল্লায় ঢোকে। এসব রিকশা উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হবে।

প্রথম আলো: সড়কে ডাস্টবিনের কারণে পথচারীদের চলাচলে সমস্যা হয়। এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেবেন?

কাউন্সিলর: ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করার পরিকল্পনা আছে। তা বাস্তবায়িত হলে মহল্লার ভেতর আর কোনো ময়লার কনটেইনার থাকবে না।