চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান মেয়র সফিউল আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জামাতা আহমেদ শামিম।
জানতে চাইলে আহমেদ শামিম গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডে নির্বাচন করার মতো পরিবেশই নেই। প্রেসক্লাবে যে হামলা হয়েছে সে ঘটনার প্রতিবাদে তিনি (সফিউল আলম) নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে।
রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবে সফিউল আলমের সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার পরই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানান।
সফিউল আলম উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য (মনোনয়নপত্র জমা দেওয়ার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন)। কয়েক দিন আগে তাঁর প্রচারণার গাড়িতে হামলা ও ভাঙচুর হয়। বিভিন্ন ওয়ার্ডে তাঁর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এসব ঘটনার জন্য আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীকে তিনি দায়ী করেন। সুষ্ঠু নির্বাচন করতে হলে সেনাবাহিনী মোতায়েনের জন্যও তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, ‘সফিউল আলম আমাকে ফোন করে বলেছেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। আমি তাঁকে বলেছি এখন আর সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। ব্যালট পেপার ছাপা হয়ে গেছে। তবে আপনি ইচ্ছে করলে গণমাধ্যমে এ কথা জানিয়ে দিতে পারেন।’