সরে দাঁড়ালেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মায়ের অসুস্থতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯ মার্চ পূর্ব পাগলা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম খানের নাম ঘোষণা করা হয়। এর পরের দিনই রফিকুল ইসলামের মা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন তিনি।
রফিকুল ইসলাম খান জানান, তিনি বিষয়টি লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েছেন এবং তাঁর স্থলে দলের অন্য কাউকে প্রার্থী করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘মায়ের চিকিৎসা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এখানে দল যাঁকে প্রার্থী করবে তাঁর জয়ের ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ এপ্রিল এই ইউনিয়নে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ।