ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন থেকে বিএনপির সমর্থক দুই চেয়ারম্যান পদপ্রার্থী সরে দাঁড়িয়েছেন। তাঁরা হলেন বিএনপির তারাকান্দা সদর ইউনিয়নের সভাপতি মাসুদ রানা খান এবং বিএনপির সমর্থক সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক। কেন্দ্রীয় ও জেলার নেতাদের নির্দেশে দলের স্বার্থে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির উপজেলা শাখার কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনে চারজন প্রার্থী হয়েছিলেন। তাঁদের মধ্যে যুবদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ এফ এম ওয়াহিদুজ্জামান ১৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার করেন। অন্য তিনজনের মধ্যে দুজনকে ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় নেতারা ঢাকায় ডেকে নেন। সেখানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, উত্তর জেলা শাখার সভাপতি আফজাল এইচ খান এবং সাবেক সাংসদ শাহ নুরুল কবির ও ফুলপুরের সাবেক সাংসদ শাহ শহীদ সারোয়ার উপস্থিত ছিলেন। সেখানে দলের স্বার্থে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা খান ও মজিবুল হককে নির্বাচন থেকে সরে গিয়ে মোতাহার হোসেন তালুকদারকে সমর্থন দিতে বলা হয়। পরে তাঁরা এলাকায় এসে তাঁদের নিজস্ব কর্মী ও সমর্থকদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রচারণা বন্ধ করেন।
মাসুদ রানা বলেন, ‘কেন্দ্রীয় কমিটির ডাকে আমরা সব প্রার্থী ঢাকায় গিয়েছিলাম। সেখানে বৈঠকের পর এলাকায় এসে কর্মী-সমর্থকদের সঙ্গে আলাপ করে নিজ দলের (বিএনপি) স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
মজিবুল হক বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এখন মোতাহার বিএনপির একমাত্র প্রার্থী।’