সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মায়ের অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, ১৯ মার্চ পূর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম খানের নাম ঘোষণা করা হয়। এর পরদিন রফিকুল ইসলাম খানের মা মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন। এরপর থেকে মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন তিনি। রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি লিখিতভাবে দলকে অবহিত করে তাঁর জায়গায় দলের অন্য কাউকে প্রার্থী করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘মায়ের চিকিৎসা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এখানে দল যাকে প্রার্থী করবে তাঁর জয়ের ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।’ আগামী ২৩ এপ্রিল এই ইউনিয়নে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৭ মার্চ।