রংপুর নার্সিং কলেজের তিন প্রশিক্ষকের অপসারণসহ ছয় শিক্ষার্থীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নেন।
নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন খাত দেখিয়ে রসিদ ছাড়াই অতিরিক্ত ফি আদায়ের চেষ্টা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা ও তাঁদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তিন প্রশিক্ষককে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। পরে এ ঘটনায় তদন্ত শেষে ছয় শিক্ষার্থীকে বদলির আদেশ দেওয়া হয়। ওই আদেশ প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে নতুন করে আন্দোলন শুরু করেন তাঁরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগের দিনের মতো গতকালও কলেজের অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তখন পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে সেখানে গিয়ে হাজির হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জাকির হোসেন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক নূরুন্নবী লাইজুসহ অন্য চিকিৎসকেরা। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বেলা একটার দিকে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সড়ে দাঁড়ান।
আন্দোলনরত সংগ্রাম কমিটির আহ্বায়ক ও শিক্ষার্থী সুমি আক্তার বলেন, ‘আমরা পুনরায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।’ কলেজের অধ্যক্ষ লুৎফুন্নেছা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কাল (সোমবার) থেকে ক্লাস অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে উচ্চপর্যায়ের তদন্ত শেষে শনিবার সেবা অধিদপ্তরের পরিচালক নিলুফার ফরহাদ দুজন প্রশিক্ষক সরদার আবুল কাশেম ও একরামুল হকের প্রেষণে চাকরি প্রত্যাহার করার আদেশ দেন। সেই সঙ্গে গাড়িচালক আইয়ুব হোসেনকে অন্যত্র বদলি এবং ছয়জন শিক্ষার্থীকে রাজশাহী নার্সিং কলেজে প্রেষণে বদলির নির্দেশ দেওয়া হয়।