সরে দাঁড়ানোর ঘোষণা আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ফারুক আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত শনিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সভা শেষে এ ঘোষণা দেন ফারুক আহম্মেদ। তিনি দলীয় প্রার্থী রফিকুল ইসলামকে সমর্থন দিয়েছেন।

আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, দলীয় মনোনয়ন না পেয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলামকে মেয়র পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। ৬ ডিসেম্বর ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। পরে উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পান রফিকুল।

এদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ওই দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েন। তাঁদের মধ্যে সমঝোতার জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দুই পক্ষের নেতাদের নিয়ে সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী রফিকুল ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফারুক আহম্মেদ। সভায় দুই প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ বি এম মোজাম্মেল হক, সাংসদ নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক প্রমুখ।

ফারুক আহম্মেদ বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সম্মানে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেব।’

রফিকুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মেনে ফারুক আহম্মেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং আমাকে সমর্থন দিয়েছেন। আমরা দুজন মিলে দলীয় প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছি।’