সরে দাঁড়ানোর ঘোষণা মেয়র অনুসারী রউফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় বিএনপির নির্দেশে কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রউফ চৌধুরী। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় নগরের কান্দিরপাড় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
রউফ চৌধুরী কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কুর অনুসারী। মেয়রের নির্দেশেই তিনি প্রার্থী হয়েছিলেন বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। তিনি সরে দাঁড়ালে বিএনপিতে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফজলুল হক। সংবাদ সম্মেলনে আবদুর রউফ চৌধুরী বলেন, ৩০ এপ্রিল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাঁকে চিঠি দেন। এরই পরিপ্রেক্ষিতে মেয়রের সঙ্গে আলোচনা করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. সেলিম, কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মাসুক ও হুমায়ুন কবির, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরে আলম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবির ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ। গত ২৪ এপ্রিল আবদুর রউফ চীেধুরী আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।