সরে দাঁড়ালেন আ.লীগ-সমর্থিত প্রার্থী ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান।
জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ মার্চ। কিন্তু নির্বাচনের আগে ৭ মার্চ জুমার নামাজের পর র‌্যাবের সদস্যরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল জলিলকে আটক করেন। এলাকাবাসীর আন্দোলনের মুখে ওই দিনই সন্ধ্যায় র‌্যাবের সদস্যরা তাঁকে ছেড়ে দেন। পরদিন এ নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন ও আবদুল জলিলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে আবদুল জলিলের পক্ষের উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সহসভাপতি আল আমিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নির্বাচন কমিশন ১১ মার্চ সকালে নির্বাচনের পরিবেশ না থাকার কারণ দেখিয়ে শ্রীপুর উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে কমিশন ৩১ মার্চ এই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে।
গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ-সমর্থিত ইকবাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি কেন্দ্রের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাঁর কর্মীদের আবদুল জলিলের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান বলেন, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ইকবাল হোসেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ীই তিনি (ইকবাল) সরে দাঁড়িয়েছেন।