সরে দাঁড়ালেন আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থী
চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর ও খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া এবং সাংসদ ফজলে করিম চৌধুরী বৈঠকে বসেন। বৈঠকে রাউজান পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী দেবাশীষ পালিত ও ‘বিদ্রোহী প্রার্থী’ সাইফুল ইসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন।
বৈঠকের ফলাফল সম্পর্কে ফজলে করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। রাউজান পৌর নির্বাচনের মেয়র পদে দেবাশীষ পালিত আমাদের একক প্রার্থী।
সাইফুল ইসলাম চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এখন থেকে দলীয় নেতা-কর্মীরা দেবাশীষ পালিতকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করবেন।’
সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’