নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ওই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর নজরুল ইসলামের ছোট ভাই আবদুস সালাম।
আবদুস সালাম গতকাল রোববার শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই প্রয়াত নজরুলের ছোট ভাই, স্ত্রীসহ মোট চারজন মনোনয়নপত্র জমা দেন। পরদিন সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিনই নজরুলের ছোট ভাই আবদুস সালাম তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা হলেন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম, ইকবাল হোসেন ও মাসুদ রানা। ২১ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে নজরুল ইসলামসহ তাঁর চার সহযোগীকে অপহরণ করা হয়। এই সময় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালককেও অপহরণ করা হয়। তিন দিন পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার শান্তিনগর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। নজরুল নিহত হওয়ায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।