ঢাকার নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এরশাদ আল মামুন সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবে তিনি এ ঘোষণা দেন। চেয়ারম্যান পদে এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর মধ্যে অপরজন হলেন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল ওয়াদুদ মিয়া।
নবাবগঞ্জ থানা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ আল মামুন লিখিত বক্তব্যে বলেন, ‘আমি এ ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপট সুষ্ঠু নির্বাচনের অনুকূল নয়। আমি ও আমার কর্মী-সমর্থকেরা প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে পারছিলাম না। এই পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন বয়কট করছি।’
এই ইউপিতে ৭ মে ভোট। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল ওয়াদুদ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, এরশাদের কর্মী-সমর্থক না থাকায় পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন থেকে সরে গেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। এ অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তাঁর (এরশাদ) ব্যক্তিগত ব্যাপার।’