সরে দাড়ালেন বিএনপি প্রার্থী মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ১৫ নম্বর বরকামতা ইউপিতে বিএনপির প্রার্থী গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করায় সেখানে নির্বাচনে রয়েছেন মাত্র দুজন। আওয়ামী লীগের প্রার্থী এবং একই দলের বিদ্রোহী প্রার্থী।
গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপির প্রার্থী ও ইউপির বর্তমান চেয়ারম্যান মো. হারুনুর রশিদ রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের কাছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে বরকামতা ইউপির চেয়ারম্যান পদে দুই প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মো. জয়নাল আবেদিন এবং বিদ্রোহী প্রার্থী মো. নুরুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দেবীদ্বারে ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন পাঁচজন, সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে চারজন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন বরকামতা ইউপির বিএনপির হারুনুর রশিদ, রসুলপুরে জাতীয় পার্টির মো. শাহজাহান, সুবিলে জাতীয় পার্টির মহিউদ্দিন সরকার, সুলতানপুরে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম এবং মোহনপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান।
এদিকে বরকামতা ইউপিতে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাঁর অনুসারী এবং দলীয় নেতা-কর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই ইউপির নবীয়াবাদ, বাগুর, বাগমারা ও প্রেমু এলাকার বিএনপির অন্তত ছয়জন কর্মী জানান, এত জনপ্রিয় চেয়ারম্যান কী কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। কোনো ধরনের চাপে পড়েই হয়তো তিনি এই কাজ করেছেন।
এ ব্যাপারে জানতে হারুনুর রশিদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
১৫ নম্বর বরকামতা ইউপিতে ভোটারের সংখ্যা ২১ হাজার ১১১। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬৮৭ জন এবং নারী ভোটার ১০ হাজার ৪২৪ জন। ২২ মার্চ ভোট গ্রহণ করা হবে।