কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করেও সাড়া মিলছে না। ঝুঁকি জেনেও ঘরেই অবস্থান করছেন তাঁরা। এদিকে ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ধসের আশঙ্কা করছেন উপজেলা প্রশসন ও বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের পর থেকে পাহাড়ে অবৈধভাবে জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করে এলাকার লোকজন ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
সাগরে ভিটেবাড়ি হারিয়ে হতদরিদ্র লোকজন এসেও এখানে বসতি গড়েছেন। বিভিন্ন পাহাড়ে বসবাসকারীর সংখ্যা প্রায় ৫০ হাজার।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালামারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের ২৮টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে হাজারো পরিবার। বন বিভাগের পক্ষ থেকে ঈদের আগ পর্যন্ত মাইকিং করা হলেও একটি পারবারও অন্যত্র যায়নি। এ নিয়ে তাদের মধ্যে কোনো তৎপরতাও নেই।
হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার পূর্ব প্রান্তের পাহাড়ে বসবাসকারী মোহাম্মদ আলমগীর (৩৫) বলেন, ‘এখান থেকে সরে আমরা কোথায় যাব? মাইকিং করে বলছে সরে যেতে, কোথায় যাব তা বলছে না। একমাত্র মাথা গোঁজার ঠাঁই হারালে তো পথে বসতে হবে।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, হোয়ানকে ২০০৭, ২০০৮ ও ২০১২ সালে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে একই পরিবারের চারজনসহ আটজনের মৃত্যু হয়।
শাপলাপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক বলেন, এ পর্যন্ত সাত-আটবার মাইকিং করা হয়েছে। কিন্তু এটা কেউ কানেই তুলছেন না।
অবশ্য সরে তাঁরা কোথায় যাবেন সে ব্যাপারে কোনো নির্দেশনা নেই।
উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, কয়েক যুগ ধরে বন বিভাগের পাহাড়ে অবৈধভাবে অন্তত ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ভারী বৃষ্টিপাতে এসব পাহাড়ে যেকোনো সময় দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে। কিন্তু তাঁরা কিছুতেই সরছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের বলেন, এখানে যাঁরা আছেন সবাই অবৈধ দখলদার। তাঁদের নিজ উদ্যোগে সরে যেতে হবে। পুনর্বাসন করার কোনো প্রকল্প এই মুহূর্তে নেই।