সরেজমিনে তিনটি কেন্দ্র...
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনটি কেন্দ্রে ভোট প্রয়োগের হার বেশ কম। আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, গোল্ডেন আইডিয়াল স্কুল কেন্দ্র ও ইউনাইটেড মডেল একাডেমি কেন্দ্রে ভোট পড়েছে ২১, ৩১ ও ৩০ শতাংশের মতো।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সাতটি বুথেই নৌকা ও ধানের শীষ প্রার্থীদের পোলিং এজেন্টের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এটি নারী ভোট কেন্দ্র। প্রিসাইডিং অফিসার আবু আশরাফ বলেন, মোট ভোটারের মধ্যে ২১ শতাংশ ভোট পড়েছে। ভোটারদের একটা বড় অংশ নতুন ভোটার। তাঁরা ভোট প্রদানের ক্ষেত্রে আনাড়ি। ভোট দেওয়ার প্রক্রিয়াটায় খুব দেরি করে ফেলছে।
এই কেন্দ্রে দেখা যায় নারী ভোটারদের দুই থেকে তিনটি দীর্ঘ সারি। ভোট গ্রহণের দীর্ঘসূত্রতা নিয়ে বিরক্ত অনেকে।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের পাশেই রয়েছে গোল্ডেন আইডিয়াল স্কুল। এখানের ৫টি বুথেই নৌকা ধানের শীষে প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাওয়া যায়। দুপুর ১২টা পর্যন্ত এখানে ৩১ শতাংশের মতো ভোট পড়েছে। মোট ভোটার ২ হাজার ২২ জন।
প্রিসাইডিং অফিসার শাহ আবদুল হাদি বলেন, এটা পুরুষ কেন্দ্র। পুরুষেরা সাধারণত দুপুরের পড়ে ভোট দিতে আসেন। এ জন্য ভোট প্রদানের হারটি এত কম।
এই কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন বিএনপির কর্মী জুবায়েদ আহমেদ। তিনি বলেন, এখানে ভোট প্রদানে কারও কোনো সমস্যা হয়নি। ভয়ভীতি দেখানোর মতো কোনো ঘটনা এখনো দেখিনি।
টঙ্গীর তিস্তা গেট এলাকার ৩৩৩ নম্বর কেন্দ্র ইউনাইটেড মডেল একাডেমি। এখানে ভোটার সংখ্যা ৩ হাজার ২০৫ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৯৯৫ জন।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খালেকুজ্জামান বলেন, সকালে ভোটারদের বেশ উপস্থিতি ছিল। দুপুরের দিকে রোদ উঠায় উপস্থিতি কমে গেছে। ৩০ শতাংশ ভোট পড়েছে। নারীরা ভোট দিয়েছেন বেশি। যত ভোট পড়েছে তার ৬০ শতাংশই নারী।