সরেনি বিদ্যুতের তিন খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়ক থেকে আজো সরেনি বিদ্যুতের তিনটি খুঁটি। ছবিটি উপজেলার কুতুববাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়ক থেকে আজো সরেনি বিদ্যুতের তিনটি খুঁটি। ছবিটি উপজেলার কুতুববাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়কের ওপর থাকা তিনটি বিদ্যুতের খুঁটি এখনো সরানো হয়নি। এতে ঝুঁকি নিয়ে ওই সড়কে যানবাহন চলাচল করছে। এ ছাড়া খুঁটিগুলো থেকে যেসব বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে, সেসব বাড়ির বাসিন্দারাও ঝুঁকিতে আছেন।

সড়ক ও জনপথ (সওজ) উপবিভাগের মির্জাপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, ‘বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে। আমি লিখিত অনুরোধ ছাড়াও সশরীর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে ও মুঠোফোনে বারবার যোগাযোগ করে খুঁটিগুলো সড়ক থেকে সরিয়ে দিতে বলেছি। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নিচ্ছে না।’

সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১৫ সালের প্রথম দিকে সড়কটি পাকা করার কাজ শুরু হয়। দুই বছরের বেশি সময় আগে সড়কটির নয়াপাড়া অংশের কাজ শেষ হয়। এ ছাড়া কুতুববাজার এলাকার অংশের কাজ প্রায় এক বছর আগে শেষ হয়েছে। কিন্তু ওই দুটি এলাকায় সড়কের ওপর থাকা তিনটি বিদ্যুতের খুঁটি এখনো সরানো হয়নি। এ নিয়ে ২০১৫ সালের ২০ জুন এবং এ বছরের ১৪ জানুয়ারি প্রথম আলোয় পৃথক প্রতিবেদন ছাপা হয়েছিল। ওই সময় মির্জাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের তৎকালীন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুশান্ত কুমার রায় খুঁটিটি দ্রুত সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন।

সরেজমিনে গত মঙ্গলবার দেখা যায়, ৩টি খুঁটির মধ্যে নয়াপাড়ার খুঁটি থেকে ৬টি, কুতুববাজার এলাকার ২ খুঁটির মধ্যে একটি থেকে ৮টি এবং অপরটি থেকে ১২টি বাড়িতে বিদ্যুতের সংযোগ রয়েছে। এর মধ্যে একটিতে ট্রান্সফরমারও রয়েছে।
ওই সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক শাহিন মিয়া ও মামুন মিয়া, সিএনজিচালিত অটোরিকশার চালক আলামিন খান, সাইফুল ইসলামসহ অনেকে জানান, সড়কের ওপর বিদ্যুতের খুঁটি থাকায় সব সময়ই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ওই দুটি স্থানের মধ্যে কুতুববাজার এলাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালানো গেলেও চার চাকার যান (প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপসহ অন্যান্য যান) চলাচল করতে পারে না।

নয়াপাড়া গ্রামের ইব্রাহিম মিয়া বলেন, সড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে খুঁটি ও মিটার থাকায় সেগুলো সরানোর জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বাড়ির মিটার সরিয়ে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কিন্তু এখনো খুঁটি সরেনি। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ডিজিএম মোরশেদুল ইসলাম বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’