সর্বজনীন করতে হবে মৌলিক অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুলসংখ্যক শ্রমজীবী ও হতদরিদ্র মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক এবং সামাজিক অধিকারের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য ও অপ্রাপ্তির মধ্যে জীবন কাটাচ্ছেন। এগুলো সর্বজনীন অধিকারে পরিণত করতে না পারলে রাষ্ট্রে বৈষম্য কখনো হ্রাস পাবে না।
সাবেক সাংসদ ও শ্রমিকনেতা চৌধুরী হারুনুর রশীদ স্মারক বক্তব্যে এ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ।
চৌধুরী হারুনুর রশীদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই স্মারক বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি তপন দত্ত।
অনুষ্ঠানে আলোচক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মছিউদ্দৌলা চৌধুরী প্রমুখ।
এম এম আকাশ বলেন, ‘দেশের বাম প্রগতিশীল রাজনীতি, ট্রেড ইউনিয়ন সংগঠন ও সাংস্কৃতিক আন্দোলনে চৌধুরী হারুনুর রশীদের সম্পৃক্ততা আমাদের রাজনৈতিক চেতনায় পরিবর্তনও এনেছে। ভাষা আন্দোলন ও স্বাধীনতাসংগ্রামে তাঁর সাহসী অবদান মুক্তিযোদ্ধা ও বর্তমান প্রজন্মের কাছে এক অনুকরণীয় আদর্শ।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিন স্বাধীনতার পক্ষের শক্তির ঐক্য কামনা করে বলেন, জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে দৃঢ় ঐক্য ছাড়া মুক্তিযুদ্ধের আদর্শকে এগিয়ে নেওয়া কঠিন।
সহিদুল্লাহ চৌধুরী বলেন, চৌধুরী হারুন সারা জীবন মেহনতি মানুষের শোষণ মুক্তির সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন। মেহনতি মানুষের জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে তাঁর সেই ত্যাগের আদর্শকে এগিয়ে নিতে হবে।