সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজনের সময় ধনী-দরিদ্র সবারই সেবা নিশ্চিত করে। বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে হলে স্বাস্থ্য, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ব্যাপারে পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার।

আজ রোববার প্রথম আলো কার্যালয়ে ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা এসব কথা বলেন। গোলটেবিল বৈঠক আয়োজনে প্রথম আলোকে সহযোগিতা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠান ইউএসএআইডি।
শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসসহ স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে হলে সবাইকে আন্তরিক হতে হবে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা স্লোগান হিসেবে শুনতে ভালো। কিন্তু এই জনবহুল দেশে বাস্তবায়ন করা খুব কঠিন। গোলটেবিল বৈঠকের মূল বিষয়ের ওপর বক্তব্য দিতে গিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, স্বাস্থ্য খাতের বাইরের কিছু বিষয় স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে চলেছে। এগুলোর মধে৵ আছে জলবায়ু পরিবর্তন, নগরায়ণ, অসংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি।
অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক মাহমুদ হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার জয়েন্ট চিফ এ ই মো. মহিউদ্দিন ওসমান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন রুমান হক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুসলিম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।