সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনাতেই বন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি আটকে আছে পরিকল্পনার মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই দফা নির্দেশনার পরও কর্মসূচিতে অগ্রগতি হয়নি। গবেষকরা বলেছেন, নেতৃত্বের অভাবে কর্মসূচি এগোচ্ছে না।
সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দের অংশ বাড়ানোর কথা বললেও বাস্তবে তা সম্ভব হয়নি। দিশারী প্রকল্প (পাইলট প্রজেক্ট) শুরু করার কথা থাকলেও এখনো হয়নি।
সম্প্রতি রকেফেলার ফাউন্ডেশন বাংলাদেশের সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিস্থিতির মূল্যায়ন করেছে। এতে বলা হয়েছে, এজেন্ডা বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে দৃঢ় নেতৃত্ব দরকার। ফাউন্ডেশন এই কর্মসূচি এগিয়ে নিতে ও গবেষণায় সরকার ও বিভিন্ন এনজিওকে অর্থ দেয়।
২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদস্য দেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোশতাক রাজা চৌধুরী বলেন, এই ধারণার মূলে আছে ন্যায্যতা। মানুষ অসুস্থ হলেই চিকিৎসা পাবে, অর্থ বাধা হয়ে দাঁড়াবে না। চিকিৎসা নিয়ে ব্যক্তি দরিদ্র হবে না। এর লক্ষ্য হচ্ছে, আর্থিক সুরক্ষার মাধ্যমে বেশি মানুষকে অধিক সেবা দেওয়া।
এ ব্যাপারে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, দিশারী প্রকল্পের জন্য সার্ভিস প্যাকেজ ও তার খরচ নির্ধারণ করা হয়েছে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। তিনি বলেন, চিকিৎসা নিয়ে মানুষ যেন দরিদ্র হয়ে না পড়ে, সেই লক্ষ্যে সরকার চেষ্টা চালাচ্ছে।
সরকারি অংশ কমছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, স্বাস্থ্যসেবার জন্য বছরে মাথাপিছু কমপক্ষে ৪৪ মার্কিন ডলার খরচ করা দরকার। বাংলাদেশে মাথাপিছু স্বাস্থ্য-ব্যয় বছরে ২৭ ডলার। স্বাস্থ্যের জন্য ৬৩ শতাংশ খরচ করে ব্যক্তি নিজের পকেট থেকে। সরকার খরচ করে ২৩ শতাংশ। বাকি ১৪ শতাংশ দাতাসহ অন্যরা।
সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১২ সালে অর্থায়ন কৌশলপত্র তৈরি করে সরকার। এতে সরকারি ব্যয় বাড়ানোর কথা বলা হয়েছিল। বাস্তবে হয়েছে উল্টো। ২০১২ সালে সরকার ব্যয় করত ২৬ শতাংশ, এখন করছে ২৩ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আশাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বরাদ্দ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। জোর দেওয়া হচ্ছে অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবলের সর্বোচ্চ ব্যবহারের ওপর।
কাজ হয়নি: ২০১৪ সালের ১১ মার্চ জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের সভার কার্যবিবরণীতে দেখা যায়, প্রধানমন্ত্রী সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যক্রম নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে একই বছরের ১৯ জুনের সভার কার্যবিবরণীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা আছে, ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই লক্ষ্যে আর্থিক ও অন্যান্য বাধা দূরীকরণে স্বাস্থ্যবিমা চালুর উদ্যোগ নিতে হবে।’
সূত্র বলছে, সাত বছর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় দিশারী প্রকল্প চালুর উদ্যোগ নেয়। দাতা সংস্থা অর্থও দিয়েছিল। প্রকল্প শুরু না হওয়ায় তারা অর্থ ফেরত নেয়। এরপর ২০১১ সালে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচিতে সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি ও তার আওতায় তিনটি উপজেলায় স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা চূড়ান্ত করা হয়। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) নামের সেই বিমা প্রকল্প এখনো চালুই হয়নি।
এ বিষয়ে কাজ করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বিমার অর্থ কোথা থেকে আসবে এসএসকের নকশায় তা পরিষ্কার না। অন্যদিকে প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হাসপাতালগুলোর সেবায় নিবিড় ও কার্যকর যোগসূত্র নেই। এসব দুর্বলতা দূর না করলে সর্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়িত হবে না।