সর্বত্র এখনো ছুটির আমেজ
পবিত্র ঈদুল ফিতরের তিন দিনের ছুটি শেষে গতকাল রোববার অফিস-আদালত খুললেও সর্বত্রই ছিল ছুটির আমেজ। প্রতিটি ঈদের পরই দু-এক দিন এ রকম থাকে। অনেকে ধারণা করছেন, এবার ছুটির আমেজ থাকবে সপ্তাহজুড়ে। কারণ, কাল মঙ্গলবার থেকে টানা দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই আগামী রোববার থেকে অবস্থা স্বাভাবিক হবে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, গতকাল সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। তবে মন্ত্রণালয়গুলোর ফাইলপত্র নড়তে শুরু করেছে। গুরুত্বপূর্ণ সভাও হয়েছে অনেক মন্ত্রণালয়ে। দর্শনার্থীর সংখ্যাও ছিল হাতে গোনা। ব্যাংক-বিমায় উপস্থিতি অন্যান্য অফিসের তুলনায় বেশি ছিল। গ্রাহকের চাপও একেবারে কম ছিল না। বেসরকারি প্রতিষ্ঠানেও উপস্থিতি ছিল কম। অনেক কর্মকর্তা-কর্মচারী ঈদ উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি গেছেন। তাঁদের সবার ফিরে আসতেও সপ্তাহ গড়িয়ে যাবে। দোকানপাট, বিপণিবিতানের অধিকাংশই গতকাল পর্যন্ত বন্ধ ছিল।