
বরিশাল অঞ্চলের ভাষা প্রতিযোগ গতকাল বৃহস্পতিবার বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে আয়োজিত এ উৎসবে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
সকালে উৎসবের উদ্বোধনের পর শিক্ষার্থীরা প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে ৪০ মিনিটের পরীক্ষায় অংশ নেয়। একই সঙ্গে প্রথমবারের মতো এই উৎসবে শিক্ষার্থীরা পাঁচ মিনিটের একটি বানান প্রতিযোগিতায় অংশ নেয়। পরীক্ষা শেষে কথা, গান ও বুদ্ধিদীপ্ত প্রশ্নবাণে উৎসবকে উজ্জীবিত করে তোলে শিক্ষার্থীরা।
সকাল সোয়া নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ-বৈকল্য (কমিউনিকেশন ডিজঅর্ডার) বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
মাহবুবা হোসেন বলেন, ‘প্রথম আলোর নানা কার্যক্রমের সঙ্গে আমরা পরিচিত। কিন্তু বাংলা ভাষা নিয়ে এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।...বাংলা ভাষার প্রতি আমাদের আরও নজর দিতে হবে। সর্বত্র বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে।’ শিক্ষার্থীসহ সবাইকে বাংলা ভাষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী মাইশা ফারজানা প্রশ্ন করে, আমরা কেন বাংলা তারিখ ৮ ফাল্গুনের পরিবর্তে ইংরেজি ২১ ফেব্রুয়ারি অনুযায়ী মাতৃভাষা দিবস পালন করি? তাওসিফুল ইসলাম জানতে চায়, ভাষার বিবেচনায় চীনা ভাষায় বেশি মানুষ কথা বলে। তাহলে কেন ইংরেজি ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেল? এমন সব প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাকিম আরিফ, ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক মনজুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফিন রুবাইয়াত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহসিনা হোসাইন ও সঞ্জয় সরকার, মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান কুদরত-ই-হুদা ও প্রথম আলোর সহকারী সম্পাদক মশিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু।
বরিশাল অঞ্চলের এই ভাষা প্রতিযোগে চার বিভাগে ১৫ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। তারা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেবে। বিজয়ীদের সনদ, পদক ও বই তুলে দেন অতিথিরা। বন্ধুসভার বন্ধুরা পরিয়ে দেন স্মারক টি-শার্ট। চার বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরাদের সেরা সম্মান অর্জন করে বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহির শাহরিয়ার।
‘ক’ বিভাগে বিজয়ী প্রথম পাঁচজন হলো বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাহজাবিন, হুমায়রা তাসনীম খান, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের ধ্রুব মণ্ডল, বরিশাল জিলা স্কুলের লাবিব ইয়াসির মিথুন এবং মাতৃছায় শিশুকাননের জুবায়ের ইসলাম। ‘খ’ বিভাগের প্রথম পাঁচজন হলো বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শামরী রহমান, বরিশাল জিলা স্কুলের মাহিব শাহরিয়ার, ইমতিয়াজ তানভীর রাহিম, আরত্রিক উৎসব দাস ও বিবস্বান দেব বিশ্বাস। ‘গ’ বিভাগের সেরা পাঁচজন হলো বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আনিকা তাসনিম, আনিকা রহমান হাবিবা, বরিশাল জিলা স্কুলের শোয়েব মুহাম্মদ আকিব, মো. জাহিদ হাসান ও বোরহান উদ্দিন খান। ‘ঘ’ বিভাগে প্রথম পাঁচজন হলো সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের কৌশিক বিশ্বাস, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সৈকত কবির শায়ক, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ফাতিমা ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের সন্ধ্যা দাস ও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ আবু তালহা।
বর্ণবীর পর্বে বিজয়ী হয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজের দিলসাদ চৌধুরী, নওশিন হক এবং বরিশাল জিলা স্কুলের মাসরাফি খন্দকার।