সর্বত্র বিচারহীনতার সংস্কৃতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, দেশের সর্বত্র বিচারহীনতার সংস্কৃতি চলছে। আর এই সংস্কৃতি থেকে মুক্তি পেতে দরকার বৈপ্লবিক পরিবর্তন।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিচারহীনতার সংস্কৃতি, সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদ: আমাদের করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আবুল বারকাত বলেন, দেশের সর্বত্র বিচারহীনতার সংস্কৃতি চলছে। রাজনীতিবিদেরা জমি-সম্পত্তি দখল-বেদখল করেন, শিক্ষক জ্ঞান বিতরণের পরিবর্তে বিদ্যাবস্তু বিক্রি করেন, চিকিৎসক তাঁর পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে রোগীকে পরীক্ষা করাতে বাধ্য করেন, আইনজ্ঞ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যে পরিণত করেন, ব্যাংকার আমানতকারীদের টাকা নিয়ে যেমন খুশি তেমন সাজো খেলায় মত্ত হয়ে ওঠেন, রাজস্ব কর্মকর্তারা দুই-চার বছরেই কোটিপতি বনে যান, ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মেশান, গুটিকয় ফাটকাবাজ শেয়ারবাজার লুট করে সাধারণ বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করেন, দুর্নীতি দমন কমিশনের পরিদর্শকদের অনেকে নিজেরাই দুর্নীতিবাজ এবং সাংবাদিকদের অনেকে দ্রুতই গাড়ি-বাড়ির মালিক বনে যান। এ থেকে উত্তরণের জন্য বৈপ্লবিক পরিবর্তন দরকার।