পতেঙ্গার লালদিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টায় গিয়ে লাইনে কোনো ভোটারের দেখা মেলেনি। তখন পর্যন্ত ভোট পড়ে ২১০টি। এখানে মোট ভোটার দুই হাজার ৫৪৩। প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌস মামুন বলেন, কয়েকজন ভোটার ক্রমিক নম্বরের সঙ্গে নামের মিল না পেয়ে ফিরে গেছেন।সকাল সাড়ে নয়টায় পতেঙ্গা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের সারিতে কাউকে দেখা যায়নি। এখানে প্রথম দেড় ঘণ্টায় ৬ শতাংশ ভোট পড়ে। এখানে ভোটারের সংখ্যা দুই হাজার ৭৪৬। প্রিসাইডিং কর্মকর্তা শামসুল করিম বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে। সকাল পৌনে ১০টায় দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন প্রিসাইডিং কর্মকর্তা দীননাথ রোয়াজা।সকাল সোয়া ১০টায় বন্দর থানায় টিসিবি ভবন কেন্দ্রে তিন হাজার ৬০০ নারী ভোটারের মধ্যে ভোট পড়ে ৭৬০। সাড়ে ১০টায় নৌবাহিনী কলেজ কেন্দ্রে ভোট পড়ে প্রায় ২১ শতাংশ। পৌনে ১১টায় পার্শ্ববর্তী বন্দর পূর্ব কলোনি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩ শতাংশের মতো ভোট পড়ে।সাড়ে ১১টার দিকে হালিশহর থানাধীন রাবেয়া বশরী বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, ৩৭ শতাংশ ভোট পড়েছে তখন পর্যন্ত। প্রিসাইডিং কর্মকর্তা আবু হেনা মোস্তফা জালাল বলেন, প্রথম দেড় ঘণ্টা ভোটার কম ছিল। পরে আস্তে আস্তে বাড়ছিল। পৌনে ১২টায় হালিশহর থানাধীন ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ৪৫ শতাংশের মতো ভোট পড়ে। ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে বুথের সামনে।পাহাড়তলী, উত্তর ও দক্ষিণ কাট্টলীর চিত্র: সকালের দিকে প্রায় ফাঁকাই ছিল এসব এলাকার বেশির ভাগ ভোটকেন্দ্র। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যাও।উত্তর কাট্টলীর নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইব্রাহিম কামাল বলেন, তিন দিন ছুটি পেয়ে অস্থানীয় বাসিন্দাদের অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে। এ কারণে ভোটারের উপস্থিতি কম বলে মনে হচ্ছে। এই কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত এক হাজার ২০০ জন ভোট দেন। কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৩৫৩।আবার ভেলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টা পর্যন্ত এ কেন্দ্রে এক হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৬০ জন। অর্থাৎ প্রথম দেড় ঘণ্টায় ভোট দেওয়ার হার প্রায় ৪ শতাংশ।বেলা ১২টায় পাহাড়তলী এলাকার বাসন্তী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে চায়ের দোকানে কথা হয় ভোটার দিলীপ ধরের সঙ্গে। তিনি বলেন, আস্তেধীরে কেন্দ্রে যাবেন। তাঁর মতে, ছবিযুক্ত ভোটার তালিকা। তাই তাঁর ভোট অন্য কেউ দিতে পারবে না। সকাল পৌনে ১০টায় বাকলিয়া ল্যাবরেটরি সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মহিলাদের বুথগুলো শূন্য। তখন পর্যন্ত মাত্র ১০টি ভোট পড়েছে বলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান। পাশের বুথে পোলিং কর্মকর্তা ফজলুল হক বলেন, এ বুথে ভোটারের সংখ্যা ৩৯৩। দুই ঘণ্টায় মাত্র ২৮ জন ভোট দিয়েছেন।পাহাড়তলী বালিকা বিদ্যালয়ের নারী কেন্দ্রে পুরুষ পোলিং এজেন্ট নিয়োগকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। মন্জুর আলমের পক্ষে আনোয়ার হোসেন পোলিং এজেন্ট নিয়োগ পাওয়ায় ওই কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেন নারী ভোটাররা। তখন বিক্ষুব্ধ হয়ে ওঠেন মহিউদ্দিন চৌধুরীর কর্মীরা।বেলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি কেন্দ্র। সকাল থেকে সেখানে নারী-পুরুষের ভিড়। কিন্তু ভোট গ্রহণ হয় ধীর গতিতে। সকাল সাড়ে ১০টার দিকে ভোটারদের সারি চলে আসে স্কুলের নিচতলার বারান্দা পেরিয়ে রাস্তায়।কাট্টলি ও খুলশী এলাকার চিত্র: উত্তর কাট্টলি হাজী দাউদ প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আহমেদ হাবিব জানান, এই কেন্দ্রে মোট তিন হাজার ৯৩ জন ভোটার। ৫০ শতাংশ ভোট দিয়েছেন। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কাট্টলি, পাহাড়তলী এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের চিত্র দেখা গেছে।বাকলিয়ায় সকাল-দুপুরের চিত্র: সকাল থেকে দুপুর পর্যন্ত বাকলিয়া ও পাহাড়তলীর বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের উপস্থিতি ছিল কম। পশ্চিম বাকলিয়ার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ওয়ার্ডে ৪৪ হাজার ভোটার। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, কয়েক বছরে অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। এ জন্য কেন্দ্রে ভোটার কম।পাহাড়তলী কলেজের নিচতলায় মহিলাদের চারটি বুথ। দুপুরে গিয়ে দেখা যায়, একটি বুথেও ভোটার নেই। ভোটার না থাকায় একটি বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বাইরে চলে যান। ওই বুথে ৩২৯টি ভোটের মধ্যে দুপুর একটায় মাত্র ৬০টি ভোট পড়ে।ভরদুপুরে ফাঁকা বুথ: দুপুর দুইটায় নাসিরাবাদে সরকারি মহিলা কলেজের বুথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা প্রহর গুনছেন ভোটারের অপেক্ষায়। প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব নুরী জানান, দুই হাজার ৯২২ ভোটারের মধ্যে তখন পর্যন্ত ভোট দিয়েছেন এক হাজার ১০০ ভোটার। এমন ফাঁকা বুথ চোখে পড়েছে ঈদগার নেছারিয়া আলিয়া মাদ্রাসা ও খুলশির মাদ্রাসা-এ নুরীয়ায়।কেন্দ্রের বারান্দায় পানি: সরাইপাড়া ওয়ার্ডের হাজী ইউনুছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির নিচতলায় গত মঙ্গলবার অতি বৃষ্টিতে পানি ঢুকে পড়েছিল। বুধবার সকালের বৃষ্টিতে পানি আরও বাড়ে। তবে বিকেল থেকে পানি কমে আসে। গতকাল সকালে ওই কেন্দ্রে ঢোকার মুখের সড়ক ও বারান্দায় তখনো থই থই পানি। এ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন নারী-পুরুষ ভোটাররা। তবে বারান্দা থেকে উঁচু হওয়ায় ভোটকক্ষে পানি ছিল না।কাউন্সিলর প্রার্থীকে নিয়ে উত্তেজনা: ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামসুল হক বেলা পৌনে ১১টার দিকে ঈদগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। কিন্তু তাঁর প্রতিপক্ষ দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা বাইরে হইচই শুরু করে দেয়। তারা খায়রুল আলম ও বাবুল হকের সমর্থক। তাদের অভিযোগ, শামসুল হক ভোট দিয়ে কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।একপর্যায়ে সোয়া ১১টায় শামসুল আলম বের হয়ে এলে বিপক্ষ প্রার্থীরা লোকজন তিনি ও তাঁর সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এতে ভোট গ্রহণ ব্যাহত হয়নি বলে নির্বাচনী কর্মকর্তা ও পুলিশ জানায়। বেলা ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ২০ শতাংশ ভোট পড়ে। মোমবাতিতে ভোট গ্রহণ: বেলা দেড়টায় ডাবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের তিনটি বুথে ভোট গ্রহণ করা হয়েছে মোমবাতির আলোয়। কেন্দ্রে গিয়ে দেখা যায়, মোম জ্বালিয়ে ভোট নেওয়া হচ্ছে। বুধবার থেকে ওই কেন্দ্রের কয়েকটি কক্ষে বিদ্যুৎ নেই। দুই পক্ষের হাতাহাতি: বেলা সোয়া তিনটায় এনায়েতবাজার মহিলা কলেজের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ ও র্যাব ঘটনাস্থলে এলে তারা চলে যায়। কিন্তু এদিকে ভ্রুক্ষেপ নেই ভোটারদের। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দুল আলম চৌধুরী বলেন, বাইরে উত্তেজনা থাকলেও ভেতরে ভোট গ্রহণে কোনো আঁচ লাগেনি।{প্রতিবেদন তৈরি করেছেন রাহীদ এজাজ, টিপু সুলতান, মামুন আবদুল্লাহ, একরামুল হক, তানভীর সোহেল, প্রণব বল, মাসুদ মিলাদ, হামিদ উল্লাহ}