সর্বদলীয় সরকারকে তামাশা বললেন ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন সর্বদলীয় সরকারকে প্রহসন ও তামাশা হিসেবে উল্লেখ করেছেন। আজ রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে আজ সন্ধ্যায় নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের কথা জানান হয়। কাল সোমবার বিকেল ৩টায় নতুন মন্ত্রীরা শপথ নেবেন।
এই খবরের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, সর্বদলীয় সরকার গঠনের উদ্যোগে দেশের সংকট আরও গভীর হচ্ছে। এতে দেশ ক্রমে খাদের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণ এ মন্ত্রীসভাকে মানবে না। তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধান জরুরি ছিল। এখনো সময় আছে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের।
বিএনপির এই নেতা বলেন, গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ সৃষ্টি প্রয়োজন। এটা সময়ের দাবি। না হলে প্রহসনের নির্বাচন হলে জনগণ তা প্রতিহত করবে। বিএনপিও তাতে অংশ নেবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলন অব্যাহত থাকবে।