সর্বদলীয় সরকারে বিএনপি অংশ নেবে না: ফখরুল
শেখ হাসিনার প্রস্তাবিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপি কখনো অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।
১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনের পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, হরতালের প্রথম দিনে সারা দেশে দুজন নিহত ও বিরোধী দলের এক হাজার ৮০০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ শতাধিক নেতা-কর্মীকে। আট হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্দলীয় সরকারের দাবির প্রতি কোনো সাড়া না দিয়ে প্রধানমন্ত্রী একতরফাভাবে নিজেদের অধীনে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠনের কথা বলছেন। এ ঘোষণা রাজনীতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে বেলা ১১টার দিকে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সরকার আসলে চায় না আলোচনা হোক। বিরোধী দলকে বাইরে রেখেই তারা নির্বাচন করতে চায়। সরকার সংলাপ নিয়ে ধূম্রজাল ও বিভ্রান্তির সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য সমঝোতার রাস্তা বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন, হরতাল সংলাপের ক্ষেত্রে বাধা হতে পারে না। বিএনপি সমঝোতা-সংলাপের জন্য আন্তরিক। সরকারকে এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিতে হবে।