সর্বদলীয় সরকারের প্রস্তুতি শুরু হচ্ছে ১৫ দিনের মধ্যে
আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। প্রথম ধাপে বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন। এরপর গঠন করা হবে সর্বদলীয় সরকার।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন আভাস দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত সূত্র প্রথম আলোকে জানায়। কবে নাগাদ এ সরকার গঠিত হবে, তা চূড়ান্ত না হলেও সর্বদলীয় সরকার গঠনের বিভিন্ন ধাপ ও প্রক্রিয়া এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তিনি মন্ত্রিসভার সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, বিএনপি না এলে সর্বদলীয় সরকার গঠন প্রক্রিয়ায় বাধাবিপত্তি আসতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনটি আইন অনুমোদন: বৈঠকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৩ ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া শিশু প্রারম্ভিক যত্ন ও বিকাশের নীতিমালার খসড়া ও ফরমালিন নিয়ন্ত্রণ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, শুরুতেই ক্রিকেটে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’-এর জন্য বাংলাদেশ ক্রিকেট দল ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৩: সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনে সাংবাদিকদের জন্য তহবিলের আওতা বাড়ানো হয়েছে। আগে আর্থিকভাবে অসচ্ছল এবং মারা গেলে সহায়তা পেতেন সাংবাদিকেরা। এখন থেকে সহায়তা দেওয়া হবে অসুস্থদেরও। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে। সাংবাদিকদের ছেলেমেয়েদের ভালো ফলাফলের জন্য বৃত্তি, মৃত্যু হলে সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে এর চেয়ারম্যান হবেন তথ্যমন্ত্রী, ভাইস চেয়ারম্যান তথ্য মন্ত্রণালয়ের সচিব, সদস্যদের মধ্যে থাকবেন সরকারি কর্মকর্তা, পিআইবির মহাপরিচালক, প্রধান তথ্য কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং মহাসচিব ও সরকার মনোনীত তিনজন সাংবাদিক। আর একজন ব্যবস্থাপনা পরিচালককে সরকার নিয়োগ দেবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানিয়ে বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটিতে সাংবাদিকেরাই বেশি থাকবেন। ট্রাস্টের মূল অর্থ দেবে সরকার। এ ছাড়া সিটি করপোরেশনের মতো বিভিন্ন স্থানীয় সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়া যাবে। সরকারের অনুমতি সাপেক্ষে বিদেশ থেকেও অর্থ নেওয়া যাবে।। ট্রাস্ট তার কাজ পরিচালনার জন্য অনুমতি নিয়ে ঋণও নিতে পারবে। তহবিল দেখভালের জন্য অডিটের ব্যবস্থা রাখা হয়েছে আইনে। খসড়াটি পাসের জন্য সংসদে পাঠানো হবে।
ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৩: ফরমালিন নিয়ন্ত্রণ আইনের খসড়ায় লাইসেন্স ছাড়া ফরমালিন ব্যবহারে তিন থেকে ১০ বছর পর্যন্ত শাস্তির বিধান এবং পাঁচ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। ফরমালিনের অপব্যবহার বন্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ফরমালিনের অপব্যবহার শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এ আইন করা হচ্ছে। ফরমালিন বিক্রির লাইসেন্সের শর্ত ভাঙলে তিন বছর থেকে ১০ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। লাইসেন্স ছাড়া ফরমালিন রাখলেও একই মেয়াদের শাস্তি ও অর্থদণ্ড প্রযোজ্য হবে। কেউ যদি বাসাবাড়িতে অবৈধভাবে ফরমালিন রাখার অনুমতি দেয়, তাহলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
ইতিমধ্যে নিরাপদ খাদ্য আইন পাস হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই আইনের সঙ্গে যেন ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন সাংঘর্ষিক না হয়, সে জন্য এই খসড়া আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।
বৈঠকে শিশুর প্রারন্তিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি ২০১৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। খসড়ায় গর্ভাবস্থা থেকে আট বছর পর্যন্ত শিশুর বিশেষ যত্নের কথা বলা হয়েছে।
এ ছাড়া গত ২৯ ও ৩০ আগস্ট শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সার্ক দেশগুলোর অর্থমন্ত্রী ও অর্থসচিবদের ষষ্ঠ বৈঠকের কার্যক্রম সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।