সর্বদলীয় শান্তি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীর চাষীরহাট নতুন বাজারে গতকাল মঙ্গলবার সর্বদলীয় শান্তি সমাবেশ হয়েছে। এই সমাবেশ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান স্থানীয় সাংসদসহ আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতারা। নতুন করে সংঘর্ষ এড়াতে পোরকরা গ্রাম ও চাষীরহাট নতুন বাজারে টহল দিয়েছেন বিজিবি ও পুলিশ সদস্যরা। তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি।
চাষীরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গতকালের সর্বদলীয় সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এ এইচ এম ইব্রাহিম। তিনি গ্রামবাসীসহ সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত এ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল হক, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল, সোনাইমুড়ীর পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন, উপজেলা জামায়াতের আমির ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ প্রমুখ।
গত সোমবার হিজবুত তওহিদের নেতা-কর্মী ও পোরকরা গ্রামবাসীর মধ্যে দিনভর সংঘর্ষে তিনজন নিহত হন। এ সময় গ্রামের সাতটি বসতঘর ও হিজবুতের নেতা-কর্মীদের ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিজবুত তওহিদের প্রতিষ্ঠাতা ইমাম মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর মেয়ে রুফায়দাহ পন্নী অভিযোগ করেন, অপপ্রচার চালিয়ে গ্রামবাসীকে খেপিয়ে তুলে হামলা চালানো হয়। এতে ইন্ধন জোগায় হেফাজত, জামায়াত এবং বামপন্থী দলের এক নেতা। তিনি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন।
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, সোমবারের সংঘর্ষের সময় উদ্ধার করা হিজবুত তওহিদের ১১৪ জন নেতা-কর্মীকে ৫৪ ধারায় আটক দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নিহত হওয়ার ঘটনায় গত রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
পোরকরা গ্রামের বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘গ্রামবাসী এখন পুলিশ-আতঙ্কে ভুগছেন। বাজারের দোকানপাট খুললেও লোকজনের উপস্থিতি খুব বেশি ছিল না।’
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান গতকাল রাতে বলেন, চাষীরহাট নতুন বাজার ও পোরকরা গ্রামে পুলিশের ৪০ জন সদস্য মোতায়েন রাখা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি করা হয়নি বলে জানান তিনি।