সর্বদলীয় সংসদীয় দলে যুদ্ধাপরাধী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বাংলাদেশের যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধ-সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া সর্বদলীয় সংসদীয় দলে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বগুড়া-৩ আসনের বিএনপির সাংসদ আবদুল মোমিন তালুকদারকে অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। গত বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আজমল হোসেন, যুগ্ম আহ্বায়ক আবির উদ্দিন খান ও সদস্যসচিব জাহেদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আবদুল মোমিন তালুকদার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে রাজাকার বাহিনী গঠন মুক্তিযোদ্ধাদের হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তাঁর ওই সব অপকর্মের প্রমাণ হিসেবে সিডি, পত্রিকার কাটিং ও বিভিন্ন দালিলিক প্রমাণ সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরসহ যুদ্ধাপরাধসংক্রান্ত ট্রাইব্যুনালের তদন্ত কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। এর পরও তাঁকে ওই গুরুত্বপূর্ণ দলে অন্তর্ভুক্ত করায় মুক্তিযোদ্ধারা বিস্মিত ও হতবাক হয়েছেন। এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব জাহেদুল ইসলাম জানান, এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ২৬ এপ্রিল সোমবার কমান্ডের উদ্যোগে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ আহ্বান করেছে। আবদুল মোমিন তালুকদারের ভাই ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোহিত তালুকদার বলেন, তাঁর ভাই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। এটা তাঁর বিরুদ্ধে অপপ্রচার ছাড়া কিছুই নয়।